শুরু হয়েছে 'আমার ভাষার চলচ্চিত্র'
ভাষার মাসকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বাংলা চলচ্চিত্র নিয়ে ১৬তম আয়োজন এটি।
গতকাল শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পাঁচ দিনে দুই বাংলার ধ্রুপদি ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রবেশমূল্য ৩০ টাকা। প্রথম দিনে সত্যজিৎ রায়ের জনঅরণ্য, মালেক আফসারীর এই ঘর এই সংসার, আজিজুর রহমানের ছুটির ঘণ্টা, কৌশিক গাঙ্গুলির সিনেমাওয়ালা—এই চারটি চলচ্চিত্র দেখানো হয়।
আজ শনিবার সকাল ১০টায় প্রদর্শিত হবে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা, বেলা একটায় ঋতুপর্ণ ঘোষের খেলা, বিকেল চারটায় মোরশেদুল ইসলামের অনিল বাগচীর একদিন, সন্ধ্যা সাড়ে ছয়টায় তৌকীর আহমেদের অজ্ঞাতনামা। একই সময়ে পরদিন দেখানো হবে আলমগীর কবিরের মহানায়ক, তারেক মাসুদের মাটির ময়না ও আদমসুরত, শবনম ফেরদৌসির ভাষ্যজয়িতাএবং গৌতম ঘোষের শঙ্খচিল।