শুরুই হলো না বিচারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল উদ্দিন
জামাল উদ্দিন

বহুল আলোচিত চট্টগ্রামের বিএনপির নেতা ও শিল্পপতি জামাল উদ্দিন চৌধুরী অপহরণ ও হত্যা মামলার ১১ বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। আইনি গ্যাঁড়াকলে পড়ে এখনো শুরুই হয়নি এ মামলার বিচারকাজ। মূল হোতাদের বাদ দেওয়ায় মামলার বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন আদালতে। সেই নারাজি আবেদনের শুনানি হচ্ছে না প্রায় আট বছর ধরে।
নগরের চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২০০৩ সালের ২৪ জুলাই রাতে বাসায় ফেরার পথে জামাল উদ্দিন অপহৃত হন। পরে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়। তাঁর ছেলে চৌধুরী ফরমান রেজা লিটন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘বাবার কঙ্কাল ছাড়া কিছুই পাইনি। বিচারও কি পাব না?’
সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ নিয়ে চার বছর ধরে চলছে মামলার তারিখ পেছানো। আসামিরা উচ্চ আদালতে রিট করলে মামলার সব কার্যক্রম স্থগিত ছিল আগের তিন বছর। এর আগে চার বছর কেটেছে মামলা নিতে পুলিশের টালবাহানা আর তদন্তে। এভাবেই পার হয় ১১ বছর। এ সময়ের মধ্যে এ মামলার অভিযোগপত্রভুক্ত ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র ১০ জন। এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কাশেম চেয়ারম্যানসহ অন্যদের হদিসই পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুই দফায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের বিরুদ্ধে মামলার বাদী চৌধুরী ফরমান রেজা আদালতে নারাজি দিলেও এখনো এর শুনানি হয়নি। এ অবস্থায় জামাল উদ্দিনের পরিবারের দাবি, সুষ্ঠু তদন্ত শেষে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে আসামিদের বিচারের আওতায় আনা এবং মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হোক।
বাদী চৌধুরী ফরমান প্রথম আলোকে বলেন, ‘সরকারের কাছে আমাদের একটাই দাবি, প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত মামলা নিষ্পত্তি করা হোক।’
পরিবারের সদস্য ও আদালত সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন অপহরণের ঘটনা সাজানো নাটক বলে মন্তব্য করে পুলিশ প্রথমে মামলা নেয়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রায় দুই বছর পর অপহরণের অন্যতম হোতা আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার ফটিকছড়ির কাঞ্চননগরের পাহাড়ি এলাকা থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সিঙ্গাপুরে ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে কঙ্কালটি অপহৃত জামাল উদ্দিনেরই। এর আগে প্রশাসনের পরামর্শ অনুযায়ী অপহরণকারী চক্রকে মুক্তিপণের ২৫ লাখ টাকাও প্রদান করে পরিবার। কিন্তু টাকা নিয়েও শেষ পর্যন্ত জামাল উদ্দিনকে মুক্তি দেওয়া হয়নি।
প্রতিটি সরকারের আমলে চাঞ্চল্যকর এ মামলার তদন্ত সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত মনিটরিং কমিটির বৈঠকে এ হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। একের পর এক বদল হয়েছেন তদন্তকারী কর্মকর্তা। মামলার অষ্টম তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক আনোয়ার হোসেন ২০০৬ সালের ১০ জুলাই সর্বপ্রথম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাতে তিনি মামলা থেকে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামসহ ২৪ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। মামলার বাদী এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন একই বছরের ১৭ জুলাই। আদালত তা গ্রহণ করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ১০ ডিসেম্বর আগের অভিযোগপত্রের মতোই ঘটনার মূল হোতাদের বাদ দিয়ে ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এএসপি হামিদুল হক।
মূল হোতাদের বাদ দেওয়ায় বাদী আবার আদালতে নারাজি আবেদন করেন। কয়েক দফা পিছিয়ে ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি নারাজি শুনানির দিন ধার্য থাকলেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আসায় শুনানি হয়নি। মামলার আসামি কালা মাহাবুবকে রাজসাক্ষী করায় আপত্তি জানিয়ে আসামি মারুফ নিজাম ও সোবহান হাইকোর্টে রিট করায় উচ্চ আদালত এ স্থগিতাদেশ দেন। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি সেই স্থগিতাদেশগুলো প্রত্যাহার করে নেন আদালত। কিন্তু এরপর সুপ্রিম কোর্টে এ প্রত্যাহার বাতিলের আপিল করার সুযোগ নিয়ে বারবার শুনানির তারিখ পেছান আসামিরা। পরে এ আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন আসামিরা। সেটিও গত বছর খারিজ করে দেন আদালত। এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিশন মামলার অজুহাত দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে।
বাদীর আইনজীবী জাহিদুল ইসলাম তালুকদার বলেন, রিভিশন মামলা দায়েরের অজুহাত দেখিয়ে আসামিরা বারবার সময়ক্ষেপণ করছেন। উচ্চ আদালতে বিষয়টি পেন্ডিং থাকায় নিম্ন আদালতে অভিযোগপত্রের নারাজি আবেদনের ওপর শুনানি হতে পারছে না।
জানতে চাইলে সাবেক সাংসদ সরওয়ার জামাল গতকাল সকালে বলেন, ‘দুবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ, তাতে আমাদের কারও নাম নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতে এ অপপ্রচার চালানো হচ্ছে। খুনের বিষয়ে আমরা কিছুই জানি না।’
কাশেম চেয়ারম্যানের নির্দেশে খুন!: নাম-পরিচয় পাল্টে নয় বছর পলাতক থাকা আসামি সুলতানকে গত ৩ মার্চ রাতে কক্সবাজার শহর থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান পুলিশের কাছে স্বীকার করেন, জামাল উদ্দিনকে খুন করার আগ পর্যন্ত অন্য আসামির সঙ্গে ছিলেন। তিনি আরও বলেন, দুবাইয়ে পলাতক কাশেম চেয়ারম্যানের নির্দেশেই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যা করা হয়।
যে কারণে খুন: চট্টগ্রামের আনোয়ারার রাজনীতিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির একটি অংশ জামাল উদ্দিনকে অপহরণের পর হত্যা করে বলে পরিবারের অভিযোগ। ২০০১ সালের নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে ২০০৬ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন। এ কারণে সরওয়ার জামাল ও তাঁর ভাই মারুফ নিজাম পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড করেন বলে অভিযোগ রয়েছে।