দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি ০৪৮) গতকাল সোমবার সকালে ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে উড়োজাহাজটি সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটি সিলেট চলে যায়। আর চট্টগ্রামের ৬৭ জন যাত্রীকে বিকেল পাঁচটা পর্যন্ত বিমানবন্দরে বসিয়ে রাখা হয়।
গতকাল সকালের ওই একটি ফ্লাইট ছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়াশার কারণে অন্য কোনো উড়োজাহাজ ওঠা-নামায় সমস্যা হয়নি।
ভোগান্তির শিকার উড়োজাহাজটির যাত্রী চট্টগ্রামের রাউজানের বাসিন্দা মো. আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় নিয়ে আমাদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে বিমানটি অন্য গন্তব্যে চলে যায়। এরপর আর আমাদের কেউ খোঁজও নেয়নি। দীর্ঘ ভ্রমণ এবং বসে থাকার কারণে ক্লান্ত হয়ে পড়েন অনেকে। বহু বাগ্বিতণ্ডার পর বিকেল পাঁচটায় আমাদের বিমানে ওঠানো হয়। সন্ধ্যা ছয়টায় আমরা চট্টগ্রাম বিমানবন্দরে নামি।’
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, দুবাই বিমানবন্দর থেকে রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড়োজাহাজটি যাত্রা করেছিল। যদিও উড্ডয়ন সময় ছিল রাত ১২টায়। উড়োজাহাজে ঢাকার ২১ জন এবং চট্টগ্রামের ৬৭ জন যাত্রী ছিল। চট্টগ্রামে সকাল পৌনে সাতটায় অবতরণ করার কথা ছিল উড়োজাহাজটির। কিন্তু কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করার পর সেখান থেকে সিলেট যায়। পরে সিলেট থেকে আবার ঢাকায় ফিরে আসে। এরপর যাত্রীদের নিয়ে চট্টগ্রামে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগে থেকে অন্য সূচি ঠিক করা থাকায় বিমানটি ঢাকা থেকে সিলেট চলে যায়। তাই একটু সমস্যা হয়েছে। বিকেলে যাত্রী নিয়ে আবার চট্টগ্রাম যায়। তিনি বলেন, শীতকালে কুয়াশার কারণে বিমান অবতরণে কখনো কখনো সমস্যা হয়।