শুরুতে শনাক্ত হলে পুরো নিরাময় সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের ঠিক ১০ মাসের মাথায় ক্যানসার ধরা পড়ে মাসুমা খাতুনের (ছদ্মনাম)। রোগের কথা শুনেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। স্বামী দাঁড়ালেন পাশে, সাহস দিলেন, চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। মনোবল চাঙা হয় মাসুমা খাতুনের। বাঁচার তীব্র আকাঙ্ক্ষা আর চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই শুরু করলেন তিনি। পাঁচ বছর এভাবেই চলছে।
মাসুমা খাতুন তাঁর এই লড়াইয়ের গল্পটা গতকাল মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টার মিলনায়তনে এক সভায় শুনিয়েছেন। স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের নিয়ে এই উন্মুক্ত সভার আয়োজন করে শান্তি ক্যানসার ফাউন্ডেশন। অনুষ্ঠানে স্তন ক্যানসারে আক্রান্ত নারীরা তাঁদের লড়াইয়ের গল্প শোনান।
প্রতিবছর অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে উদ্যাপন করা হয়। আয়োজকেরা জানান, নারীদের ক্যানসারের মধ্যে বিশ্বব্যাপী স্তন ক্যানসারের প্রকোপ সবচেয়ে বেশি। প্রাথমিক অবস্থায় যদি শনাক্ত করা সম্ভব হয়, তা হলে এ রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব।
স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও রোগীদের সামাজিক সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে শান্তি ক্যানসার ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের মেডিকেল অনকোলজি বিভাগের অধ্যাপক পারভীন শাহিদা আখতার বলেন, ক্যানসারের চিকিৎসাকে অত্যন্ত ব্যয়বহুল বলে ধরে নেওয়া হয়। এটাও ধারণা করা হয় যে এ রোগের চিকিৎসা দেশে নেই। এসব ধারণা ঠিক না। দেশেও যে এখন ক্যানসারের উন্নতমানের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, সে বিষয়ে সঠিক দিকনির্দেশনা দিচ্ছে শান্তি ক্যানসার ফাউন্ডেশন।
সভায় ক্যানসার বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রেক্ষাপটে স্তন ক্যানসার চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সংগঠনটির অন্যতম উপদেষ্টা সাংসদ সিমিন হোসেন বলেন, খাদ্য তালিকায় সবুজ শাকসবজি আর ফলমূল রাখার পাশাপাশি শারীরিক পরিশ্রম ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।