শুরুতে ‘না’ পরে ‘হ্যাঁ’
সংবাদ সম্মেলন করে প্রার্থী হতে অস্বীকৃতি জানান তিনি। আবার সেখানে বসেই নেতাদের অনুরোধে পাঁচ মিনিটের মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রার্থী হতে সম্মতি জানিয়েছেন খন্দকার মোহতেশাম হোসেন। গত শনিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।এর আগে ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে গত বৃহস্পতিবার খন্দকার মোহতেশাম হোসেনের নাম ঘোষণা করে। মেয়র পদে নির্বাচনে আগ্রহী আরও চারজনের নাম উত্থাপন করলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা কণ্ঠভোটে শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেনের পক্ষে তাঁদের সমর্থন জানান। ওই দিনই আওয়ামী লীগ নেতারা মেয়র পদে মোহতেশামের নাম ঘোষণা করেন। শনিবারের সংবাদ সম্মেলনের শুরুতেই মোহতেশাম হোসেন বলেন, ‘আমার সম্মতি ব্যতিরেকে আমাকে মেয়র পদে নির্বাচন করার জন্য নাম ঘোষণা করা হয়েছে। আমি নির্বাচন করতে আগ্রহী নই। আমার ভাইও (শ্রমমন্ত্রী) চান না আমি নির্বাচন করি। আমাকে ব্যতীত যেকোনো উপযুক্ত ব্যক্তিকে প্রার্থী নির্বাচন করুন।’ এ বক্তব্যের পর পরই সংবাদ সম্মেলনে উপস্থিত শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঞ্জুর আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী, যুগ্ম আহ্বায়ক অনিমেষ রায় মিলে মোহতেশাম হোসেনকে প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছাড়া জেলা আওয়ামী লীগের যোগ্য বা বিকল্প কোনো প্রার্থী নেই। বক্তারা তাঁকে (মোহতেশাম) এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে অনুরোধ জানিয়ে তাঁর হাতে মাইক তুলে দেন। মাইক হাতে দাঁড়িয়ে পাঁচ মিনিট আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে খন্দকার মোহতেশাম হোসেন বলেন, ‘দলের একজন সেবক হিসেবে আমি প্রবীণ নেতাদের সিদ্ধান্ত শিরোধার্য হিসেবে মেনে নিলাম।’এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে মোহতেশাম হোসেন জানান, বৃহস্পতিবারের ওই সভায় তিনি উপস্থিত ছিলেন না। তিনি ঢাকায় ছিলেন। তিনি বলেন, ‘তাঁকে শ্রমমন্ত্রীর ভাই হিসেবে উল্লেখ করা শোভন নয়।’ তিনি তাঁর বাবা বা পেশার পরিচয় দিতে অনুরোধ জানান। তিনি নিজে ব্যবসায়ী এবং তাঁর বাবা প্রয়াত খন্দকার নূরুল হোসেন ইউপি চেয়ারম্যান ছিলেন।