পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শুরুতেই কোন্দলে জড়িয়ে পড়েছে। নতুন এ বিশ্ববিদ্যালয়ে প্রথম কমিটি গঠন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগ নয় সদস্যর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার পরদিনই তা প্রত্যাখ্যান করে পদত্যাগ করেছেন পাঁচজন। দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলে ছাত্রলীগও সেখানে কর্মকাণ্ড শুরু করে। জেলা ছাত্রলীগের নির্দেশনায় তৈরি হতে থাকে নতুন নেতৃত্ব। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ও দলীয় সিদ্ধান্তহীনতায় কমিটি গঠন হয়নি। এর মধ্যে অন্য রাজনৈতিক দলগুলো বিশ্ববিদ্যালয়ে সক্রিয় হতে শুরু করে।২ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগ নয় সদস্যর প্রথম আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। নতুন এ কমিটিতে মিজানুর রহমানকে আহ্বায়ক, শাহেদ সাদেকী, বাকি বিল্লাহ ও ওলিউল্লাহ যুগ্ম আহ্বায়ক এবং এ এইচ এম কামাল, মাহাদী হাসান, নাসির হোসেন, আবদুল্লাহ হিল ফয়সাল ও মুশফিক হোসেনকে কার্যকরী সদস্য করা হয়। কিন্তু পরদিনই কমিটি থেকে পদত্যাগ করেন শাহেদ সাদেকী, ওলিউল্লাহ, মুশফিক হোসেন, মাহাদী হাসান ও বাকি বিল্লাহ। তাঁরা কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠান। পদত্যাগকারী নেতাদের দাবি, নতুন আহ্বায়ক কমিটিতে দলের প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশ কাটিয়ে সুবিধাভোগী ও অযোগ্য-অথর্ব ব্যক্তিদের নেতৃত্ব দেওয়া হয়েছে। এতে সাধারণ নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দেওয়ায় তাঁরা পদত্যাগ করেছেন। শাহেদ সাদেকী বলেন, ‘কমিটি গ্রহণযোগ্য হয়নি. তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমরা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানাই।’ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘আমার জানামতে নতুন কমিটিতে দলের প্রকৃত ত্যাগী ও জ্যেষ্ঠ নেতৃত্বকে বাদ দেওয়ায় বিরোধ তৈরি হয়েছে। এই কমিটি বাতিল করে সবার সমন্বয়ে নতুন একটি কমিটি গঠন করা হলেই বিরোধ মিটে যাবে।’