শুরুতেই গ্যাঁড়াকলে ইএনটি ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের সামনে এই বাক্সটি পাঁচ মাস ধরে পড়ে আছে। এর ভেতরে থাকা এক্স-রে যন্ত্রটি ইনস্টিটিউটের ভেতরে ঢোকাতে হলে প্রতিষ্ঠানের দেয়াল ভাঙতে হবে l ছবি: প্রথম আলো
রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের সামনে এই বাক্সটি পাঁচ মাস ধরে পড়ে আছে। এর ভেতরে থাকা এক্স-রে যন্ত্রটি ইনস্টিটিউটের ভেতরে ঢোকাতে হলে প্রতিষ্ঠানের দেয়াল ভাঙতে হবে l ছবি: প্রথম আলো

রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান, গলা (ইএনটি) ইনস্টিটিউটে ঢোকার মুখে বিরাট এক বাক্স। বাক্সটি নীল রঙের পলিথিন দিয়ে মোড়া। পাঁচ মাস ধরে এক্স-রে যন্ত্রের বাক্সটি একই জায়গায় পড়ে আছে। বাক্সটি ঢোকাতে হলে নতুন সরকারি এই বিশেষায়িত হাসপাতালের দেয়াল ভাঙতে হবে। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু এই যন্ত্রটি নয়, এক দিনও ব্যবহৃত হয়নি এমন যন্ত্র এই হাসপাতালে আরও আছে।
হাসপাতালের পরিচালক মো. জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, নাক, কান, গলার রোগীদের ৭০ শতাংশের এক্স-রে করার প্রয়োজন হয়। হাসপাতালে আরও একটি এক্স-রে যন্ত্র আছে, তবে সেটি অচল। তিনি বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের অভাবে বেশি মানুষকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
গতকাল বুধবার ১০০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ছিলেন ২০ জন। বহির্বিভাগে দিনে চার শ রোগীর সেবা দেওয়ার মতো ব্যবস্থা থাকলেও সেবা দেওয়া হচ্ছে ৮০ থেকে ১০০ জনকে। চিকিৎসকের পরামর্শ পাওয়া গেলেও পরীক্ষা-নিরীক্ষা এখানে হয় না বলে অনেকেই আসতে চান না।
হাসপাতালের অচল যন্ত্রপাতি ও জনবলসংকট নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) এ বি এম আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যার কথা জানালে আমরা তা সমাধানের যথাসাধ্য চেষ্টা করি। এ ক্ষেত্রেও তাই হচ্ছে।’
গত বছরের ১৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটি উদ্বোধন করেন। তখন বলা হয়েছিল, প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালে নাক, কান, গলার বিভিন্ন রোগে পূর্ণাঙ্গ চিকিৎসা পাওয়া যাবে। চিকিৎসকদের উচ্চতর শিক্ষা কার্যক্রম চালু করার কথাও বলা হয়। যন্ত্র না থাকায় চিকিৎসকেরাও অস্ত্রোপচার হাতে-কলমে শিখতে পারছেন না।
জানা গেছে, নীল পলিথিনে মোড়া যন্ত্রটি কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) হাসপাতালকে কিনে দিয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান যন্ত্র সরবরাহের আগেই ৭০ শতাংশ টাকা পেয়ে গিয়েছিল। দরপত্রের শর্ত না মেনে প্রতিষ্ঠানটি যন্ত্র দেয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, সিএমএসডি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানটির মধ্যে চিঠি চালাচালি চলছে।
হাসপাতালে সাতটি অপারেশন থিয়েটার আছে। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, এর চারটি অচল। জালিয়াতি করে ওটি টেবিল, ওটি লাইট দেওয়া হয়েছে চীনের একটি কোম্পানির।
জনবলসংকট: হাসপাতালের পরীক্ষাগার পুরোপুরি চালু করা যাচ্ছে না দক্ষ ও প্রয়োজনীয় লোকবলের অভাবে। হাসপাতালে গত এক সপ্তাহে বড় অস্ত্রোপচার হয়েছে একটি। পরিকল্পনার সময় বলা হয়েছিল, দিনে সাত থেকে আটটি বড় ধরনের অস্ত্রোপচার হবে। এ ছাড়া হাসপাতালে অবেদনবিদের পদ আটটি, আছেন দুজন।