শুরুতেই জমে উঠেছে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রথম আলো-আরডিএস’ পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব l ছবি: প্রথম আলো
রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রথম আলো-আরডিএস’ পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব l ছবি: প্রথম আলো

‘ইতিহাস সৃষ্টির অন্বেষায়’ স্লোগান নিয়ে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রথম আলো-আরডিএস’ পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব-২০১৪। উৎসবে অংশ নিচ্ছে ১৪টি শিশু দল, ৩২টি স্কুল ও ২৪টি কলেজের শিক্ষার্থীরা৷ শুরুর দিনেই জমে উঠেছে এই উৎসব৷
রেমিয়ান্স ডিবেটিং সোসাইটি (আরডিএস) আয়োজিত এই উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও প্রথম আলো।
উৎসবের উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক৷ বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তোমরা কি জানো নেইমারের প্রিয় খেলোয়াড় মেসি, আর মেসি বলেছে যে এবার জিতবে ব্রাজিল...। এরা কিন্তু মারামারি করে না। এ নিয়ে মারামারি হয় এ দেশে৷ এ িনয়ে নীলফামারীতে একজন নিহত হয়েছেন৷’
আনিসুল হক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, হাসিমুখে পরাজয় মেনে নেওয়া শিখতে হবে। পরাজয় মেনে নিতে পারলে আজ বাংলাদেশ এমন থাকত না।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ বলেন, বিতর্কের মধ্য দিয়ে যারা ভালো বক্তা হয়, তারা ভবিষ্যতেও ভালো করে। তাই বিতর্ক অনুষ্ঠান আয়োজন খুবই প্রয়োজন।
অনুষ্ঠানের আহ্বায়ক কলেজের আরেক উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন, তর্ক করা ভালো নয়, তবে বিতর্ক করা ভালো। তিনি উপস্থিত বিতাির্কক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যা কিছু ভালো তার সাথে প্রথম আলো। তোমরা ভালো, তোমাদের বিতর্ক ভালো, এ জন্য প্রথম আলো তোমাদের সাথে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি জালাল মো. আশফাক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘এই প্রজন্ম রবীন্দ্রনাথের নয়, বিল গেটসের’—এ বিষয় নিয়ে দুই দল খুদে বিতার্কিক অংশ নিয়ে প্রাণবন্ত করে তোলে উৎসব। এরপর একে একে অংশ নেয় অন্য বিতার্কিকেরা। আয়োজকেরা জানিয়েছেন, তিন দিনব্যাপী এই বিতর্ক উৎসবে শিশু বিতর্ক, স্কুল ও কলেজ বিতর্ক, ইংরেজি বারোয়ারি ও বিতর্ক কর্মশালা হবে।
উৎসবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল উচ্চবিদ্যালয়, মাস্টারমাইন্ড, ঢাকা সিটি কলেজ, ঢাকা কমার্স কলেজ৷