শুরুতেই ভোট দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে আজ মঙ্গলবার সকালে একদম শুরুতেই ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর আশা, এই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন। তবে জনগণ যে রায় দেবেন, তা মেনে নেবেন বলেও জানান তিনি।
বিএনপিকে গণতন্ত্রের পথে এসে জনগণের রাজনীতি করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো সহিংসতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয়, তা করা হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আজ ভোট নেওয়া হচ্ছে। সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের নয় কোটি ৬২ লাখ ভোটারের মধ্যে আজ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেবেন ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন। ঢাকা উত্তরে ভোটার প্রায় সাড়ে ২৩ লাখ, দক্ষিণে ১৮ লাখ ৭০ হাজার ও চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার।
আজকের নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে বেশি আলোচনায় আছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মির্জা আব্বাস ও আওয়ামী লীগ-সমর্থিত সাঈদ খোকন। চট্টগ্রামে রয়েছেন বিএনপি সমর্থিত মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন।