শুরুতেই শিক্ষক শ্যামল কান্তির সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। শুরুতেই সাক্ষ্য দিয়েছেন শ্যামল কান্তি ভক্ত। বিচার বিভাগীয় তদন্তে এসে সাক্ষ্য নিচ্ছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমান।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা সার্কিট হাউসে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেখানে স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ছাড়াও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলার চেয়ারম্যানসহ সম্ভাব্য মোট ১৫ জনকে ডাকা হয়েছে।

বিচারকাজ চলার সময় আজও সার্কিট হাউস প্রাঙ্গণে সাংসদ সেলিম ওসমানের অনুসারীরা শ্যামল কান্তি ভক্তের শাস্তির দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেছেন। গতকাল সোমবারও বিচার বিভাগীয় তদন্তকাজ চলার সময় সাংসদ সেলিম ওসমানের অনুগত ব্যক্তিরা বিদ্যালয় প্রাঙ্গণ ও বিদ্যালয়মুখী রাস্তাগুলো নিয়ন্ত্রণে রাখেন।

গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর উপজেলার কল্যান্দী এলাকায় অবস্থিত পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ে ধর্মীয় অবমাননার অভিযোগকারী স্কুলছাত্র রিফাত হাসানসহ ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।

ধর্মীয় অবমাননাকর উক্তির অভিযোগে গত ১৩ মে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শারীরিক নির্যাতন ও স্থানীয় জাপা (এ) দলীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় সরকারের মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে স্থানীয় সাংসদ সেলিম ওসমানকে ক্ষমা চাওয়ার দাবি ওঠে। সেলিম ওসমান সংবাদ সম্মেলনে দাবি করেন, শিক্ষককে নয়, ‘নাস্তিককে’ শাস্তি দিয়েছেন তিনি।

আরও পড়ুন: