শুরুতেই সংকট, কমিয়ে আনা হয়েছে সেচ এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচ মৌসুমের শুরু থেকেই এ বছর তিস্তা নদীর পানি কম প্রবাহিত হচ্ছে। ফলে সেচনির্ভর চলতি বোরো আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন প্রকল্প এলাকার আওতাভুক্ত কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। পানি কম পাওয়ায় এ বছর সেচের এলাকা কমিয়ে আনা হয়েছে। গত মঙ্গলবার গতবারের চেয়ে কম এলাকা নিয়ে সেচ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার তিস্তা সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, নীলফামারী জেলা সদরের চাঁদেরহাট এলাকা থেকে দিনাজপুর সেচ খাল ধরে জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী পর্যন্ত সেচ খালের দুই ধারে বোরো আবাদের জমি তৈরি করে বসে আছেন কৃষকেরা। পানির অভাবে তাঁরা চারা লাগাতে পারছেন না। একই অবস্থা দুন্দিবাড়ী থেকে প্রধান সেচ খাল ধরে ডালিয়া পর্যন্ত।
প্রকল্প এলাকার কৃষকেরা বলেন, গত বছর পানির অভাবে অনেক বোরোখেত নষ্ট হয়। তখন ডিজেলচালিত পাম্প ব্যবহার করে আবার কোথাও কোথাও কুয়া খুঁড়ে সেচ দিতে হয়েছে। এতে উৎপাদন খরচ বেড়েছে, ফলন হয়েছে কম।
কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের কৃষক বিনয় চন্দ্র রায় বলেন,গত বছর যখন পানির দরকার ছিল, তখন পাননি। এ বছর এখনো পানি পাননি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, তিস্তা সেচ প্রকল্পের আওতায় নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ১২টি উপজেলার ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ দিতে পানির প্রয়োজন কমপক্ষে সাড়ে তিন হাজার কিউসেক।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, গত বছর এই প্রকল্পের মাধ্যমে ১০ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু তখন পানির স্বল্পতায় ৮ হাজার ৩০০ হেক্টর জমি সেচ পায়। তাই এবার লক্ষ্যমাত্রা কমিয়ে ৮ হাজার হেক্টর করা হয়েছে। তিনি আরও বলেন, এ বছরের শুরুতে গড়ে প্রতিদিন ২ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়া যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইদ্রিস আলী বলেন, জেলায় এ বছর ৮২ হাজার ৬৬৬ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার তিস্তা সেচ প্রকল্পের সুবিধা পাবেন প্রায় ৮ হাজার হেক্টর জমির কৃষক।