শুরুর আগেই ভোট শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল সোমবার সকাল আটটায় ভোট শুরুর আগেই ৩৫টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়ে যায়। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর লোকজন রোববার রাতেই ওই সব কেন্দ্র দখল করে নিজেদের প্রতীকে সিল মারেন বলে অভিযোগ করেছেন অন্য ১০ প্রার্থী।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খান বলেন, ‘অভিযোগ ঠিক নয়। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’ বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আ খ ম রেজাউল করিম বলেন, পুরো উপজেলার নির্বাচন বাতিল করে নতুন করে ভোট গ্রহণ করতে হবে। নয়তো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রার্থীদের অভিযোগ, বাকি ৬৪টি কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের লোকজন। তাঁরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ কামাল হোসেনের কাছে গিয়েও কোনো সমাধান না পাওয়ায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বর্জনের ঘোষণার পর ১০ প্রার্থীর লোকজন গতকাল সকাল আটটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে কর্মী-সমর্থকদের হটিয়ে দেয়। গুলিতে কমপক্ষে সাতজন আহত হন।
গতকাল ছয়টি কেন্দ্র পরিদর্শন করে ১০ প্রার্থীর অভিযোগের সত্যতা মিলেছে। সকাল ছয়টার দিকে উপজেলার কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, গ্রামের নতুন ভোটার বিপ্লব হোসেন ভোটকেন্দ্রে উঁকিঝুঁকি দিচ্ছেন। তাঁকে সঙ্গে নিয়ে একটি কক্ষে উঁকি দিয়েই দেখা যায়, চার-পাঁচজন লোক মুখ বেঁধে ক্রমাগত ব্যালট পেপারে সিল মারছেন। তাঁদের একজন বিপ্লবকে বিনয়ের সঙ্গে বলেন, ‘এত রোদের মধ্যে কেন্দ্রে আসার দরকার নাই। আমরা রাইত জাইগা কাম শেষ করছি।’
সকাল নয়টার দিকে সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, কোনো ভোটার নেই। ভোট দেওয়ার কোনো ব্যালট পেপারও নেই। স্বচ্ছ ব্যালট বাক্স ছিল ভরা। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বসে ছিলেন উদ্বিগ্ন হয়ে। কেউ কোনো কথা বলতেও রাজি হননি। বেলা ১১টায় মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও কোনো ভোটার পাওয়া যায়নি, ব্যালট বাক্স ছিল ভরা। পরে ওই দুটি কেন্দ্রসহ কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ বাতিল করা হয়।
ওই তিনটি কেন্দ্রের একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘রাতে যাঁরা অস্ত্রের ভয় দেখিয়ে ব্যালট পেপারে সিল মারলেন, দিনের আলোয় তাঁরাই আবার ভোট চুরির বিরুদ্ধে মিছিল করেন।’
এ ছাড়া সত্তরবাড়ী, বাইচাইল ও পাঁচতিকরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটার পাওয়া যায়নি। প্রতিটি কক্ষের ব্যালট বাক্স ভরা ছিল। ভোট গ্রহণকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস চিত্তে বসে ছিলেন।
নির্বাচন বর্জন-বিক্ষোভ: সকাল সাড়ে সাতটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হন আওয়ামী লীগ-সমর্থিত তিন প্রার্থী ছাড়া বাকি ১০ প্রার্থী। এঁদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুজ্জামান খানও ছিলেন। তাঁরা পৃথকভাবে লিখিত অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ-সমর্থিত তিন প্রার্থী একজোট হয়ে পাহাড়ি এলাকার সন্ধানপুর, ধলাপাড়া, রসুলপুর ও দেওপাড়া ইউনিয়নের ৩৫টি কেন্দ্র রোববার রাতেই দখল করেন। ওই সব কেন্দ্রে তাঁরা সব ব্যালট পেপারে ইচ্ছেমতো সিল মেরেছেন। প্রার্থীরা এসব কেন্দ্রের নির্বাচন স্থগিত করে অবশিষ্ট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সহকারী রিটার্নিং কর্মকর্তা তাঁদের দাবি মেনে না নেওয়ায় তাঁরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচন বর্জনের খবর পেয়ে প্রার্থীদের হাজার হাজার কর্মী-সমর্থক উপজেলা পরিষদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংখ্যা বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ অতর্কিতে বিক্ষোভকারীদের ওপর গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা শুরু করে। এতে কমপক্ষে সাতজন গুলিবিদ্ধ হন। পুলিশের হামলায় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
ঘাটাইল থানার ওসি ফজলুল কবির বলেন, অবরুদ্ধ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহামঞ্চদ কামাল হোসেন বলেন, ‘প্রার্থীরা সময় দিলে তদন্ত করে অভিযুক্ত কেন্দ্রগুলো বাতিল করতে পারতাম। তাঁরা তড়িঘড়ি করে নির্বাচন বর্জন করায় আমার কিছু করার ছিল না।’