শুরুর আগেই শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের পলাশপুরে নির্মিত আধুনিক পানি শোধনাগারের প্রকল্প কার্যালয় ও গুদামসহ নিরাপত্তাবেষ্টনীর বড় অংশ কীর্তনখোলায় বিলীন হয়ে গেছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
বরিশালের পলাশপুরে নির্মিত আধুনিক পানি শোধনাগারের প্রকল্প কার্যালয় ও গুদামসহ নিরাপত্তাবেষ্টনীর বড় অংশ কীর্তনখোলায় বিলীন হয়ে গেছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

চালু হওয়ার আগেই নদী ভাঙনের মুখে পড়েছে বরিশাল নগরের পলাশপুরে নির্মিত আধুনিক পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট)। ইতিমধ্যে এটির নিরাপত্তাবেষ্টনী, প্রকল্প কার্যালয় ও গুদাম কীর্তনখোলার গর্ভে বিলীন হয়ে গেছে।

প্রকল্প প্রকৌশলীসহ সবার শঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে রক্ষা করা কঠিন হবে ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ শোধনাগার। এ অবস্থায় জরুরি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেজনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

পানি শোধনাগারের নিরাপত্তাকর্মী মো. তাজুল ইসলাম বলেন, গত বুধবার ভোরে ‘দ্রুম দ্রুম’ শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখেন, শোধনাগারের উত্তর দিকের গুদাম ও কার্যালয়টি ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এ সময় তিনি অন্য কর্মীদের ডেকে সেগুলোর আসবাব রক্ষার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে গুদাম ও কার্যালয় ভেঙে যাওয়ায় তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তাঁরা অবশিষ্ট স্থাপনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, শোধনাগারের নিরাপত্তাবেষ্টনীর অর্ধেকের বেশি নদীতে ভেঙে গেছে। বিলীন হয়ে গেছে গুদাম ও প্রকল্প কার্যালয়। শ্রমিকেরা আসবাব সরিয়ে নিচ্ছেন। ভাঙনে নদী থেকে মূল শোধনাগারটির দূরত্ব কমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সাত দিন ধরে পানি শোধনাগারের পাশের অংশে ভাঙন চলছে। দুই দিন আগে পাশেই একটি বড় বরফকল বিলীন হয়ে যায়। ভেঙে যায় বেলতলার শিপইয়ার্ডের একটি অংশ। এরপরই পানি শোধনাগার ভাঙা শুরু হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল কার্যালয় সূত্র জানায়, নগরের বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহের জন্য নগরের দুই প্রান্তে দুটি পানি শোধনাগার স্থাপনের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে পলাশপুরের শোধনাগার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৭ কোটি টাকা। নির্মাণকাজ শেষ। এখন শুধু বিদ্যুৎ-সংযোগ দিয়ে চালু করার অপেক্ষা। অপর শোধনাগারটি নগরের রূপাতলী এলাকায় স্থাপন করা হয়েছে। সেটিও নির্মাণ শেষে চালুর অপেক্ষায় আছে।

পানি শোধনাগার প্রকল্পের প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, মূল প্ল্যান্ট থেকে প্রায় ৩০০ ফুট দূরে নদীর মধ্যে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়েছিল। সেই বেষ্টনীর অর্ধেকের বেশি বিলীন হয়ে গেছে। ভেঙে গেছে প্ল্যান্ট থেকে ১০০ ফুট দূরে থাকা প্রকল্প কার্যালয়সহ গুদামও। দ্রুত ব্যবস্থা না নিলে প্ল্যান্ট রক্ষা করা কঠিন হবে।

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, শোধনাগার ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জরুরি ভিত্তিতে কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে।