শুরুর দিনেই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আর্ট সামিটের প্রথম দিন গতকাল শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রদর্শনী ঘুরে দেখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো
ঢাকা আর্ট সামিটের প্রথম দিন গতকাল শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রদর্শনী ঘুরে দেখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো

ওদের মুখ কালো কাপড়ে ঢাকা। চোখে বড়সড় চশমার মতো অদ্ভুত দর্শনযন্ত্র। বিচিত্র এক যন্ত্রে মাথা লুকিয়ে কী দেখছেন তাঁরা? কৌতূহল চেপে রাখতে না পেরে মিশে যাই তাঁদের দলে। সামনে তখন ক্রমশ দীর্ঘ হচ্ছে অপেক্ষমাণ দর্শকের সারি। অবশেষে এল সেই মুহূর্ত। একজন সহযোগী চোখে পরিয়ে দিলেন সেই যন্ত্রটা। শুরুতে সামনে শুধুই অন্ধকার। তারপর ঝট করে চোখের সামনে চালু হলো একটা সাদা-কালো পর্দা। ত্রিমাত্রিক ঘরানার ছবির সঙ্গে ভেসে এল এক বন্দীর আর্তনাদ। যন্ত্রণামাখা চিত্কার। সত্যিই যেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে গেছি নিজের অজান্তে। ভিডিও চিত্র শেষ হওয়ার পরেও ঘোর কাটতে চায় না।
বাংলাদেশের শিল্পী সুমন আহমেদের ‘ল্যান্ড অব দ্য ফ্রি’ শিরোনামের ভিডিও আর্ট কেবল চোখ দিয়ে দেখা নয়, একজন দর্শককে ভয়াল এক অভিজ্ঞতার মুখোমুখি করে। আর কোনো রকম দর্শনী ছাড়া সেই অভিজ্ঞতা নিতে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়বেন, সেটাই স্বাভাবিক। শুরুর দিনেই ঢাকা আর্ট সামিট প্রমাণ করল, শিল্পের স্বাদ নিতে আকুল হলে ‘দিনক্ষণ’ কোনো বাধাই নয়।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা-৯টা অবধি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভরপুর ছিল নানান দেশের নানান মানুষে। ছেলে-বুড়ো, কিশোর-কিশোরী, কৌতূহলী তরুণ কিংবা ঝা চকচকে গাড়িতে চেপে আসা কূটনীতিক অথবা মন্ত্রী—কে ছিলেন না সেই ভিড়ে? আর্ট সামিটের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সামদানী আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে সহায়তা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। চলবে সোমবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত জাতীয় চিত্রশালার দরজা খোলা থাকবে দর্শকদের জন্য।
বড় আয়োজন, বিচিত্র অভিজ্ঞতা: জার্মানির বার্লিন থেকে এসেছেন নির্মাতা মনিকা সেলাজার। গত বছর আর্ট সামিট নিয়ে দারুণ একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন তিনি। এবারও বার্লিন থেকে উড়ে এসেছেন এই আয়োজন নিয়ে তথ্যচিত্র তৈরির কাজে। ‘এটা সত্যিই অসাধারণ। আমি ভাবছি ঠিক কোত্থেকে আমার কাজ শুরু করব’, বলছিলেন মনিকা। ঢাকা সামিটে আসা যেকোনো দর্শকের জন্যই ব্যাপারটা ছিল তাই। দ্বিতীয় থেকে তৃতীয় তলা। তৃতীয় থেকে চতুর্থ কিংবা পঞ্চম। সফিউদ্দীন আহমেদ থেকে এস এম সুলতান। লিন্ডা বেঙ্গলিস থেকে হারুন মির্জা। শিশির ভট্টাচার্য্য থেকে রণি আহম্মেদ। মুনেম ওয়াসিফ থেকে আয়েশা সুলতানা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার একেক কুঠুরি একেক রকমের অভিজ্ঞতা নিয়ে আবিষ্ট করেছে দর্শকদের।
প্রথম দিনে দর্শকদের আগ্রহ ছিল হারুন মির্জার ন্যাশনাল এপ্যাভিলিয়ন, মিয়ানমারের শিল্পী পো পোর ‘ভিআইপি প্রজেক্ট ঢাকা (২০১৫-২০১৬), ভারতের শকুন্তলা কুলকার্নি ও কলকাতার সন্দীপ মুখার্জির কাজের দিকে। ভিড় ছিল ‘রিওয়াইন্ড’সহ বাকি নানা বিভাগেও। সামদানী আর্ট অ্যাওয়ার্ড অংশে ছিল বাংলাদেশের নির্বাচিত ১৩ জন শিল্পীর কাজ। ভিড় ছিল সেখানেও।
প্রথমা প্রকাশনের স্টলে অনেকে এসেছিলেন শিল্পবিষয়ক বইয়ের খোঁজে। এখানে ছিল বইয়ের সঙ্গে প্রথম আলোর ইনফরমেশন কিয়স্ক। যেখানে দর্শকেরা ইচ্ছেমতো খুঁজে দেখেছেন প্রথম আলো বিষয়ে যাবতীয় কিছু। ভিজিট করেছেন প্রথম আলোর ওয়েবসাইট। বিকেলে ছিল দলীয় আলোচনা। আলোচনায় অংশ নেন দক্ষিণ এশিয়ার নানা দেশের শিল্পী ও লেখকেরা।
জমজমাট উদ্বোধন: বিপুল দেশি-বিদেশি শিল্পপ্রেমীর উপস্থিতিতে গতকাল সকালের উদ্বোধনী অনুষ্ঠানটাও ছিল জমজমাট। ঢাকা আর্ট সামিটের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ঢাকা আর্ট সামিটের মতো আয়োজন আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আমাদের যুক্ত করে।’ মন্ত্রী তাঁর বক্তৃতায় এই উপমহাদেশের শিল্পচর্চার দীর্ঘ ঐতিহ্যের কথা তুলে ধরেন। বক্তব্যে তিনি স্মরণ করেন প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীকে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘শিল্পের একটি বড় শক্তি হচ্ছে, এটি আমাদের মুগ্ধ করে এবং স্পর্শ করে। ঢাকা আর্ট সামিট সেই শিল্পেরই একটি বড় আয়োজন। এই আর্ট সামিটের মধ্য দিয়ে আমাদের দেশের ও বাইরের শিল্পীদের মধ্যে যে আদান-প্রদান হবে, সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি।’
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সামদানী আর্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাদিয়া সামদানী। তিনি বলেন, বিশ্বের ১১টি নামী সংগ্রহশালার কিউরেটররা এবারের সামিটের সঙ্গে যুক্ত আছেন। ঢাকা আর্ট সামিট এখন বিশ্বে অনন্য ও গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হয়ে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা আর্ট সামিটের চেয়ারম্যান ফারুক সোবহান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।