শিশুর মস্তিষ্কের বিকাশ শৈশবে না হলে আর কখনোই হয় না। অর্থাৎ শুরুর যত্ন শিশুকে সুরক্ষা দেয় আজীবন। বৈজ্ঞানিক গবেষণামতে, জন্মের সময় শিশুর মস্তিষ্কে ১০ হাজার কোটি কোষ (নিউরন) থাকে। একটি কোষ অন্য প্রায় ১৫ হাজার কোষের সঙ্গে যুক্ত হয়। ৯০ শতাংশ কোষের যুক্ত হওয়ার প্রক্রিয়া শেষ হয় আট বছর বয়সের মধ্যে। শিশুর এই বয়সটিকে গুরুত্ব দিয়ে সরকার ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি’ বা ইসিসিডির খসড়া চূড়ান্ত করতে যাচ্ছে। আজ সোমবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সভায় খসড়াটি চূড়ান্ত করা হবে। মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমী পরিচালিত শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্পের আওতায় এ নীতি তৈরি হচ্ছে। এতে সার্বিক সহায়তা করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মস্তিষ্কের বিকাশ ঘটলেই শিশুর শারীরিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক, সৃজনশীলতা ও আবেগীয় বিকাশ ঘটে। ২০০৭ সাল থেকে এ ধরনের একটি নীতি তৈরির উদ্যোগ নেয় সরকার।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রো-ভিসি) এবং নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, গর্ভাবস্থায় ভ্রূণ বড় হতে থাকে এবং একই সঙ্গে শিশুর মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অঙ্গের গঠন তৈরি হতে থাকে। এ সময়টিকে গাছের চারার সঙ্গে তুলনা করা যায়। ভালো বীজ ও চারা এবং যথাযথ যত্ন নিলে যেমন ভালো ফসল পাওয়া যায়, একইভাবে সুস্থ-সবল শিশু পেতে হলেও গর্ভাবস্থা থেকেই তার যত্ন নিতে হবে। গবেষণা অনুযায়ী, শিশুর তিন বছরের মধ্যেই মস্তিষ্কের বিকাশ পূর্ণ হয়ে যায়। এরপর শুধু আকার বাড়তে থাকে। এ ছাড়া শিশুর মানসিক বিকাশকে গুরুত্ব দেওয়ার জন্যও এ সময়টা গুরুত্বপূর্ণ।অধ্যাপক সহিদুল্লাহর মতে, গর্ভাবস্থা থেকে শিশুর আট বছর বয়স পর্যন্ত বিনিয়োগ বেশি প্রয়োজন। এই সময়ে যথাযথ বিনিয়োগ করা না হলে এই শিশুর কাছ থেকে ভবিষ্যতে প্রত্যাশা অনুযায়ী ফল পাওয়া যাবে না।খসড়া নীতিমালায় এ নীতি বাস্তবায়নে ‘পাবলিক ফান্ড’ নামক একটি তহবিল গঠনের কথা বলা হয়েছে। এ ছাড়া বাজেট বরাদ্দ এবং পর্যায়ক্রমে জিডিপির শতকরা ১ ভাগ বরাদ্দ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।শিশুর মা-বাবা ও যত্নকারীদের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও চর্চাবিষয়ক একটি জরিপ (২০০১) অনুযায়ী, গ্রামাঞ্চলের ৫০ শতাংশ মা শিশুর কৌতূহল ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার গুরুত্ব সম্পর্কে জানেন না। বেশির ভাগই শিশুর বিকাশে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে অসচেতন।খসড়া নীতিতে বলা হয়েছে, সন্তান ছেলে হবে, না মেয়ে হবে—তা নিয়ে মা-বাবা ও তাদের পরিবারের প্রত্যাশার দ্বন্দ্বে গর্ভবতী মায়ের মানসিক অবস্থাটা থাকে উপেক্ষিত। জন্মের পর থেকেই মেয়েশিশু ও ছেলেশিশু বেড়ে উঠছে সামাজিকভাবে তৈরি পার্থক্যের মধ্য দিয়ে।শিশু একাডেমীর পরিচালক মো. নুরুজ্জামান বলেন, এ নীতির মাধ্যমে প্রথমবারের মতো শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের পুরো সময়কাল (ভ্রূণাবস্থা থেকে আট বছর) এবং এ-সংক্রান্ত বহুমুখী কর্মোদ্যোগকে বিবেচনা করা হয়েছে। প্রতিবন্ধী শিশু, সমাজের পিছিয়ে পড়া শিশুদের মূলধারায় সম্পৃক্ত করার কৌশল নির্ণয় করা হয়েছে। কোন মন্ত্রণালয় বা সংস্থার ভূমিকা কেমন হবে, অভিভাবকদের করণীয়সহ বিভিন্ন বিষয়কে স্পষ্ট করা হয়েছে। এ নীতির আলোকে পরবর্তীকালে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া সহজ হবে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী জাতীয় ইসিসিডি সমন্বয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নীতি বাস্তবায়নের সার্বিক দায়িত্ব পালন করবে বাংলাদেশ শিশু একাডেমী।