চিত্ত মজুমদারের সাক্ষাৎকার
শুল্ক কমিয়ে চালের দাম কমানো যাবে না
দেশের শীর্ষস্থানীয় চাল আমদানিকারক প্রতিষ্ঠান মজুমদার ট্রেডার্স। সংস্থাটি একই সঙ্গে চালকলের মালিক ও চালের পাইকারি বিক্রেতা। চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নির্ধারণ করেছে সরকার। এর প্রভাব চালের বাজারে কতটুকু পড়বে, তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মজুমদার ট্রেডার্সের মালিক চিত্ত মজুমদার। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ।
প্রশ্ন :
প্রথম আলো: সরকার তো চালের আমদানি শুল্ক কমিয়েছে?
চিত্ত মজুমদার: কয়েক মাস ধরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালের আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়ে আসছিলেন। তিনি বলেছিলেন, শূন্য শুল্কে চাল আমদানির সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে চালের বাজারে দাম কমানো হবে। বাংলাদেশের জন্য চাল আমদানির এখন সবচেয়ে সহজ, দ্রুত ও সাশ্রয়ী বাজার হচ্ছে ভারত। এর আগের বছরগুলোতে যখনই চালের আমদানি শুল্ক কমানো হয়েছে, তখন মূলত ভারত থেকে চাল আমদানি হয়েছে। ফলে এবারও ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে চাল রপ্তানির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আর বাংলাদেশে আমরা ওই দেশ থেকে আমদানির প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু মন্ত্রীর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা চালের রপ্তানি মূল্য বাড়িয়ে দেন। এখন সরকার বলছে, শুল্ক কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। যদিও আমাদের হিসাবে ২৭ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হবে। ভারতে এখন চালের দাম দ্রুত বাড়ছে। ওই পরিমাণ শুল্ক দিয়ে চাল আমদানি করে তা বাংলাদেশের বাজারে এনে বিক্রি করলে দাম কমানো যাবে না।
প্রশ্ন :
প্রথম আলো: বাজারে চালের দাম তো বাড়ছে? তাহলে কমানোর উপায় কী?
চিত্ত মজুমদার: চালের দাম তো কমতির দিকে ছিল। সরকার অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধান ও চালের অবৈধ মজুত উদ্ধার করা হয়েছে। এতে চালের দাম কিছুটা কমে আসছিল। তবে মিলমালিকেরা ধান কেনা কমিয়ে দেন। ফলে ধানের দাম কমে যায়। কিন্তু সরকার শুল্ক ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার পর অনেক মিলমালিক বুঝতে পেরেছেন এখন দেশের ভেতর থেকে ধান কিনে তা ভাঙিয়ে বিক্রি করলে লাভ ভালো হবে। ভারত থেকে চাল আমদানি করলে আর দেশের ধান কিনে বিক্রি করলে একই দাম দাঁড়াবে। তাই ধানের দামও আজকের মধ্যে প্রতি মণে ৫০ থেকে ১০০ টাকা বেড়ে গেছে। ফলে শুল্ক কমিয়ে দাম কমানোর যে পরিকল্পনা সরকার নিয়েছে, তা ভুলভাবে নিয়েছে। তাতে চালের দাম কমার সম্ভাবনা কম।
প্রশ্ন :
প্রথম আলো: তাহলে কী ব্যবসায়ীরা শুল্ক কমানোর সুযোগ নিয়ে চাল আমদানি করবে না?
চিত্ত মজুমদার: অবশ্যই করবে, কিন্তু যে পরিমাণ চাল আমদানি করতে পারলে বাজারে দাম কমবে, তা করবে কি না, আমার সন্দেহ আছে। কারণ, এমনিতেই বাজার ও ব্যাংকগুলোতে ডলারের সংকট আছে। ব্যাংকগুলো চাইলেও আমাদের জন্য প্রয়োজনীয় চাল আমদানির এলসি খুলতে পারবে কি না, তা নিয়ে অনেক ব্যবসায়ী শঙ্কিত। তারপর স্থলবন্দরগুলো দিয়ে চাল আনতে গেলেও অনেক সময় লাগবে।অন্যান্য পণ্য নিয়ে আসা ট্রাকের সারি পেরিয়ে আমাদের চালের ট্রাক আনতে গেলেও অনেক সময় লেগে যায়। আবার খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির জন্য আলাদা অনুমোদন নিতে হবে। এত সব ঝামেলা ও দীর্ঘসূত্রতা পেরিয়ে দেশে চাল আনতে অনেক সময় লেগে যাবে। আবার সরকার চাল আমদানির জন্য কয়েক মাস সময় বেঁধে দিয়েছে। এত সমস্যা মোকাবিলা করে সময়মতো বাজারে চাল আনা কঠিন।
প্রশ্ন :
প্রথম আলো: চালের দাম নিয়ন্ত্রণে সরকারের কী করা উচিত বলে মনে করেন?
চিত্ত মজুমদার: সরকার যদি চালের দাম সত্যি সত্যি কমানোর চিন্তা করে, তাহলে শুল্ক শূন্য করতে হবে। আমদানির ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার দীর্ঘসূত্রতা কমাতে হবে। দ্রুত চাল আনার জন্য স্থল ও সমুদ্রবন্দরে আমাদের অগ্রাধিকার দিতে হবে। তাহলে দ্রুত চাল এনে বাজারে দাম কমানো যাবে।
প্রশ্ন :
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
চিত্ত মজুমদার: আপনাকেও ধন্যবাদ।