শুল্ক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের এক শুল্ক কর্মকর্তা, তাঁর স্ত্রীসহ মোট তিনজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন গতকাল বৃহস্পতিবার ডবলমুরিং থানায় মামলা দুটি করেন। মামলার আসামিরা হলেন চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক এপ্রেইজার ও বর্তমানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের মুন্সিগঞ্জে কর্মরত পরিদর্শক আবদুল গোফরান ভূঁইয়া ও তাঁর স্ত্রী শাহেনা বেগম এবং বিলুপ্তঘোষিত ডক শ্রমিক পরিচালনা বোর্ডের অবসরপ্রাপ্ত অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান চৌধুরী। একটি মামলায় (নম্বর ৪৫) শুল্ক কর্মকর্তা ও তাঁর স্ত্রী এবং অপর মামলায় (নম্বর ৫৬) আনিসুর রহমান চৌধুরীকে আসামি করা হয়।শুল্ক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এক কোটি ৯২ লাখ টাকা এবং অপরজনের বিরুদ্ধে সাড়ে ৪৩ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানার অভিযোগ এনে মামলা দুটি করা হয়।