ব্যাংকে শুল্ক-কর জমা দেওয়ার নকল কাগজপত্র বানিয়ে আবারও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের চেষ্টা শনাক্ত করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এভাবে তিনটি আমদানি পণ্যের চালানে মোট ৪৪ লাখ টাকা শুল্ক-কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মীরা। এ ছাড়া আরও চারটি চালানে মিথ্যা ঘোষণায় প্রায় এক কোটি ১১ লাখ টাকা শুল্কফাঁকি শনাক্ত করা হয়েছে।গত এক সপ্তাহে মোট সাতটি চালানে প্রায় দেড় কোটি টাকার ফাঁকি শনাক্ত হয়। এসব চালান থেকে জরিমানাসহ চার কোটি ৬৫ লাখ টাকা আদায়ের প্রক্রিয়া শুরু করেছে শুল্ক কর্তৃপক্ষ।কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ঢাকার নবাবপুরের মেসার্স ড্রাগ এজেন্সিস চীন থেকে যন্ত্রাংশ আমদানি করে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান তানশিয়া ওভারসিজকে খালাসের দায়িত্ব দেয়। ২০ ফেব্রুয়ারি এই পণ্য চালানের আমদানি শুল্ক-কর নির্ধারণ হয় ১৫ লাখ ৮৪ হাজার টাকা।সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মীরা সোনালী ব্যাংকের কাস্টম হাউসের শাখায় এই শুল্ক-কর জমা দেওয়ার নকল কাগজ তৈরি করেন। পরে এসব জাল কাগজপত্র কাস্টম হাউসের ‘স্পিড ট্রেজারি’ শাখায় জমা দেন তাঁরা। এই শাখায় দায়িত্বরত কাস্টম হাউসের কর্মীদের সন্দেহ হলে তাঁরা ব্যাংকে কাগজপত্র যাচাই করে দেখেন, ব্যাংকে কোনো টাকা জমা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বন্দর থেকে এই প্রতিষ্ঠানের পণ্য খালাস স্থগিত করা হয়।