শুল্ক ফাঁকি দিয়ে ডুপ্লেক্স বোর্ড পাচার, গ্রেপ্তার ১
শুল্ক ফাঁকি দিয়ে কাস্টম বন্ডের ১০ লাখ টাকা মূল্যের ডুপ্লেক্স বোর্ড ঢাকায় পাচারের সময় ট্রাকসহ চালক রবিউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রবিউল মাগুরা জেলার মহমঞ্চদপুর থানার চর রুইজানী গ্রামের মো. আজহার উদ্দিনের ছেলে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, গত শুক্রবার রাতের দিকে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার এক ব্যবসায়ী কাস্টম বন্ডের ২০ প্যাকেট ডুপ্লেক্স বোর্ড শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করছিলেন। বোর্ডগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক শাহ আলম হাওলাদার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কুমিরা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় ট্রাকচালক রবিউলকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় হারুনুর রশিদ (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নগরের চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কনস্টেবল পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল হারুনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।