শুল্ক ফাঁকি দিয়ে ১৬২টি এলইডি টিভি আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নথিপত্র অনুযায়ী কনটেইনারটিতে থাকার কথা টেলিফোন সেট ও ফ্যাক্স মেশিন। কনটেইনার খুলে এ দুটো মিলেছে। তবে এর সঙ্গে অতিরিক্ত পণ্য হিসেবে ছিল ১৬২টি এলইডি টেলিভিশন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর চত্বরে একটি কনটেইনার খুলে এসব টেলিভিশন জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কাস্টমস ও আমদানিকারকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শুল্ক ফাঁকি দিতে আমদানিকারক নথিপত্রের বাইরে বাড়তি পণ্য আমদানি করেছেন বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুর থেকে আসা কনটেইনারটিতে সাড়ে চার হাজার টেলিফোন সেট ও ১০টি ফ্যাক্স মেশিন থাকার কথা ছিল। কনটেইনার খুলে পাওয়া গেছে ৫ হাজার ৩৪৮টি টেলিফোন সেট, ১০টি ফ্যাক্স মেশিন ও ১৬২টি এলইডি টেলিভিশন। নথিপত্রের বাইরে আমদানিকারক ৮৪৮টি টেলিফোন সেট এবং ১৬২টি এলইডি টেলিভিশন এনেছেন।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঢাকার পুরানা পল্টনের এম এম ইন্টারন্যাশনাল এসব পণ্য আমদানি করে। শুল্ক ফাঁকি শনাক্ত করতে না পারলে এই চালানে ১৪ লাখ টাকার মতো রাজস্ব হাতছাড়া হতো। শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তারা জানান।