শুল্ক ফাঁকি দেওয়া গাড়িটি ফেরত দিলেন মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা একটি বিলাসবহুল ভক্সওয়াগন গাড়ি মালিক ফেরত দিয়েছেন। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ির বর্তমান ব্যবহারকারী গতকাল রোববার শুল্ক গোয়েন্দার কাকরাইল সদর দপ্তরে এসে স্বেচ্ছায় গাড়িটি জমা দেন। জার্মানির তৈরি এই গাড়িটি গত ৮ মার্চ মিথ্যা ঘোষণায় মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, কাকরাইলের টিবিএইচ কোম্পানি নামের আমদানিকারক প্রতিষ্ঠান গত ১১ ফেব্রুয়ারি এসটি ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বিল অব এন্ট্রি (নম্বর ৪০৭০) দাখিল করে। এতে গাড়িটি ১৩৯৮ সিসি দেখানো হয়। প্রকৃতপক্ষে গাড়িটি ছিল ১৯৮৪ সিসির। এর ইনভয়েস মূল্য দেখানো হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৪৪৩ টাকা। সিসি অনুযায়ী ১২৯.৫৮ শতাংশ হিসাবে ২৫ লাখ ৫৪ হাজার ৬৯৪ টাকা শুল্ক পরিশোধ করা হয়। বিআরটিএর তথ্য অনুযায়ী, গাড়িটি হাজারীবাগের মেসার্স বে ট্যানারির নামে রেজিস্ট্রেশন করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে তাঁরা নজরদারি শুরু করেন। এরপর জব্দ করা হয় কাগজপত্র। পরে রেজিস্ট্রেশন যাচাই করে সিসি পাওয়া যায় ১৯৮৪। সিসি অনুযায়ী প্রযোজ্য শুল্ক ২১৪.৭৭ শতাংশ হারে মোট শুল্ক হবে ৪২ লাখ ৩৪ হাজার টাকা। এতে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে ১৬ লাখ ৮০ হাজার টাকা। শুল্কসহ গাড়ির মোট মূল্য ৬২ লাখ টাকা।
এ বিষয়ে একটি কাস্টমস মামলা দায়ের করে মোংলা কাস্টমস কমিশনারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান কর্মকর্তারা।