শুল্ক ফাঁকির দায়ে শাহজালাল বিমানবন্দর থেকে দুইজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে আনা ইলেকট্রনিকস পণ্য শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুইজন গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জাকারিয়া ও কামাল হোসেন। তাঁরা মালয়েশিয়া থেকে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় নামেন। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে এক হাজার ৮৯টি নোকিয়া মোবাইল ফোনসেট, ৪০টি ডিজিটাল ক্যামেরা ও ৫০০টি কম্পিউটার র‌্যাম। এই দুইজন ঘন ঘন মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্যাংকক যাতায়াত করেছেন বলে তাঁদের পাসপোর্টে প্রমাণ পাওয়া গেছে।এপিবিএনের সহকারী পুলিশ সুপার শরীফুল হক জানান, আগে থেকেই তথ্য ছিল মালয়েশিয়া থেকে কিছু ইলেকট্রনিকস আসছে। সেই অনুযায়ী তৎপর ছিলেন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাত একটার দিকে মালয়েশিয়া থেকে আসা উড়োজাহাজের যাত্রীরা বিমানবন্দরে নামেন। কর্মকর্তাদের তৎপরতা বুঝতে পেরে হঠাৎই দুই যাত্রী লাগেজ নিয়ে বাথরুমে ঢুকে পড়েন। এরপর এপিবিএনের সহকারী পুলিশ সুপার রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই যাত্রীদের আটকে তাঁদের লাগেজ তল্লাশি করে মালামালগুলো উদ্ধার করেন।