শুল্ক ফাঁকির বিলাসবহুল গাড়ি ফেলে মালিক উধাও

‘২০১১ সালে কার্নেট ডি প্যাসেজ সুবিধার আওতায় গাড়িটি এক বছর মেয়াদের জন্য সিলেটে নিয়ে এসেছিলাম। পরবর্তী সময়ে এ সুযোগ আর বৃদ্ধি করতে পারিনি। এমনকি ট্যাক্স পরিশোধের সক্ষমতাও না থাকায় গাড়িটিও আর ব্যবহার করিনি। বর্তমানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গাড়িটি শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করলাম।’
বিলাসবহুল লেক্সাস গাড়ির সঙ্গে গতকাল বুধবার সকালে এমনি একটি চিঠি পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিলেট কার্যালয়ের সামনে রেখে যাওয়া গাড়িটি শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা পরে জব্দ করেন। রাত প্রায় দুইটার দিকে ওই কার্যালয়ের সামনে গাড়িটি রেখে যাওয়া হয়।
সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক প্রভাত কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, জব্দ করা গাড়িটি দেড় কোটি টাকা মূল্যের হবে। সিলভার রঙের লেক্সাস ব্র্যান্ডের গাড়িটি ২০০৭ সালে তৈরি। সিলেট নগরে শুল্ক ফাঁকির গাড়ির বিরুদ্ধে সাম্প্রতিক তৎপরতা দেখে গাড়ির মালিক এটি রেখে গেছেন। সঙ্গে থাকা চিঠিতে তিনি নিজেকে একজন লন্ডনপ্রবাসী বলে জানিয়েছেন।
চিঠিতে তিনি কোনো হয়রানির শিকার না হওয়ার আবেদন করেছেন।
প্রভাত কুমার সিংহ বলেন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি জানানো হয়েছে। মহাপরিচালক জানিয়েছেন, গাড়ির মালিক সঠিক দলিল উপস্থাপনের মাধ্যমে যদি নিজের মালিকানা প্রমাণ করতে পারেন, তবে তাঁকে সব ধরনের সহযোগিতা করা হবে।