শুল্ক বিভাগের দুই কর্মকর্তাকে জেরা করেছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে দশ ট্রাক অস্ত্র আটক মামলায় শুল্ক বিভাগের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁদের জিজ্ঞাসাবাদ করে। বিশাল চালানের ওই অস্ত্র আটকের সময় তাঁরা চট্টগ্রাম শুল্ক বিভাগের (কাস্টমস) চোরাচালান নিরোধ শাখায় কর্মরত ছিলেন। সিআইডি সূত্র জানায়, শুল্ক বিভাগের পরিদর্শক শফিকুল আলম ও বিধান চন্দ্রকে গতকাল বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তাঁরা কক্সবাজার শুল্ক বিভাগে কর্মরত আছেন। বারবার তাগাদা দেওয়ার পর গতকাল এই দুই কর্মকর্তা চট্টগ্রামে সিআইডির দামপাড়ার কার্যালয়ে হাজির হন।সিআইডি চট্টগ্রামের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে বলেন, সিইউএফএল জেটি ঘাটে দশ ট্রাক অস্ত্রের বিশাল চালান খালাসের সময় শুল্ক বিভাগের ওই দুই কর্মকর্তার কী ভূমিকা ছিল, তা জানতে তদন্ত কর্মকর্তা তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন। তবে জিজ্ঞাসাবাদে তাঁরা কী বলেছেন, গোপনীয়তার স্বার্থে সে সম্পর্কে বিশেষ সুপার কিছু বলেননি। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ অস্ত্র ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয় বলে প্রধান আসামি হাফিজুর রহমান গত বছরের মার্চে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তাঁর স্বীকারোক্তি মতে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আবদুর রহিম, সাবেক পরিচালক সাহাবউদ্দিন, উপপরিচালক লিয়াকত হোসেনসহ সাতজন সামরিক-বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই কারাগারে আছেন।