শুল্কবৈষম্যের শিকার নতুন গাড়ির বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্কবৈষম্যের কারণে বাজার ধরতে পারছেন না বেসরকারি খাতের নতুন গাড়ি ব্যবসায়ীরা। আবার সরকারি সংস্থা প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাড়তি সুবিধা পাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বর্তমানে বাংলাদেশে দুই ধরনের নতুন গাড়ি বিক্রি হয়। গাড়ির যন্ত্রাংশ খোলা অবস্থায় আমদানি করে বাংলাদেশে এনে তা পুনরায় সংযোজন করে বিক্রীত গাড়িকে বলা হয় কমপ্লিট নক ডাউন বা সিকেডি। আর সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় নতুন গাড়ি এনে বাজারজাত করাকে বলা হয় কমপ্লিট বিল্ড আপ বা সিবিইউ।
আমদানি নীতিমালা অনুযায়ী, সিকেডি গাড়ির বডি রংহীন অবস্থায় আমদানি করে দেশে সংযোজন করার পর রং করতে হয়। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড একমাত্র সরকারি সংস্থা যারা সংযোজন করে বাজারে নতুন বিক্রি করে। কিন্তু আমদানি নীতিমালার রং করার শর্তটি পূরণ করছে না বলে অভিযোগ রয়েছে। আবার এই শর্ত পূরণ করে সংযোজিত গাড়ির বাজারে বিশেষ করে জিপ, পিকআপ ও কারের বাজারে আসতে পারছেন না বেসরকারি খাতের উদ্যোক্তারা।
প্রগতির ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সরদার প্রথম আলোকে বলেন, ‘যে যন্ত্রাংশ রং করা অবস্থায় আনা হয় না সেই যন্ত্রাংশ সংযোজন ও রং করেই প্রগতি বিক্রি করে থাকে।’
শুল্কবৈষম্য: বর্তমানে সংযোজিত ও প্রস্তুত গাড়ির মধ্যে শুল্কবৈষম্য বেশি থাকায় নতুন গাড়ির বাজার দাম কয়েক গুণ বেশি। এই দুই ধরনের গাড়ির শুল্ক পার্থক্য প্রায় ৩২৮ দশমিক ৩ শতাংশ। সিকেডি গাড়ির জন্য আমদানি শুল্ক ১২১ দশমিক ৮ শতাংশ এবং সিবিইউ গাড়িতে ৪৫০ দশমিক ১ শতাংশ শুল্ক দিতে হয়।
এক দশক আগেও এই দুই ধরনের গাড়ির মধ্যে শুল্ক পার্থক্য অনেক কম ছিল। ২০০২-০৩ অর্থবছরে সিকেডি গাড়ি আমদানির শুল্ক ৫৮ দশমিক নয় শতাংশ, আর সিবিইউর ৮৯ দশমিক ৪ শতাংশ ছিল।
উদাহরণ দিয়ে বলা যায়, ২৫০০ সিসির একটি পাজেরো স্পোর্ট গাড়ির যন্ত্রাংশ এনে সংযোজন করলে দাম পড়ে প্রায় ৭০ লাখ টাকা। একই গাড়ি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আনলে এর দাম পড়ে প্রায় দুই কোটি টাকা।
পাজেরো কিংবা ছোট আকারের সিকেডি ও সিবিইউ গাড়ির মূল ক্রেতা হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন বিভাগ। বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও বড় ক্রেতা এসব সরকারি দপ্তর। কিন্তু শুল্ক সুবিধা পেয়ে এই বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে প্রগতি ইন্ডাষ্ট্রিজ। এ ছাড়া সরকারি কোনো দপ্তর গাড়ি কিনতে চাইলে প্রগতির কাছ থেকে সরাসরি কিনতে পারে।