শুল্কমুক্ত গাড়ি নিয়ে দুদকের মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্কমুক্ত-সুবিধায় গাড়ি এনে বিক্রি করে দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির অভিযোগে মামলা করল দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার পরপরই এক আসামিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজ সোমবার সিলেটের কোতোয়ালি থানায় মামলা হয়। মামলার পরপরই সিলেটের বাগবাড়ি এলাকা থেকে মোরশেদ আলম নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্র জানায়, লন্ডনপ্রবাসী রূপা মিয়া ২০১০ সালে শুল্কমুক্ত-সুবিধায় যুক্তরাজ্যের লন্ডন থেকে একটি লেক্সাস ব্র্যান্ডের গাড়ি আনেন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা ওই গাড়িটি সিলেটের বিশ্বনাথ উপজেলার পঙ্খি খানের মাধ্যমে সুনামগঞ্জের মো. মোরশেদ আলম বেলালের কাছে ২৯ লাখ টাকায় বিক্রি করেন।
পরে মোরশেদ আলম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট সার্কেলের সহকারী পরিচালক এনায়েত হোসেন, পরিদর্শক কেশব কুমার ও উচ্চমান সহকারী আবদুর রবের সহায়তায় ১৭ লাখ টাকায় অবৈধ ওই গাড়ির রেজিস্ট্রেশন করেন।
অবৈধভাবে ওই গাড়ি রেজিস্ট্রেশন করায় সরকারের ১ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ১৬৭ টাকার ক্ষতি হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদ আলমের কাছ থেকে গাড়িটি আটক করে।
ওই অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদনে মামলাটি হয়।