প্রজ্ঞাপন জারি হওয়া সাপেক্ষে এ সপ্তাহেই শুরু হচ্ছে সংসদ সদস্যদের বহুল আলোচিত শুল্কমুক্ত গাড়ি আমদানির প্রক্রিয়া। তবে প্রজ্ঞাপনে প্রথমবারের মতো নির্বাচিত সাংসদদের এ সুযোগ পেতে সদস্যপদের কমপক্ষে দুই বছর পূর্ণ হওয়ার শর্ত থাকায় অর্ধেকের বেশি সাংসদই আগামী জানুয়ারির আগে গাড়ি আনতে পারবেন না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয় চূড়ান্ত করে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে সরকারের নানা ধরনের চিন্তাভাবনার কারণে গাড়ি আনার প্রক্রিয়া শুরু হতে সংসদ শুরুর প্রায় দেড় বছর কেটে গেল। স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এ মাসেই সাংসদেরা শুল্কমুক্ত কোটায় গাড়ি আমদানির কাজ শুরু করতে পারবেন। প্রথমবারের মতো নির্বাচিত সাংসদদের জন্য দুই বছর হওয়ার পর গাড়ি আমদানির সুযোগ সম্পর্কে তিনি বলেন, ‘প্রজ্ঞাপনটি দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।...এমনিতেই প্রায় দেড় বছর পার হয়ে গেছে। তাই দেড় বছর আর দুই বছরে খুব সমস্যা হবে না।’নওগাঁর সাংসদ ইসরাফিল আলম শনিবার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচিত হওয়ার পর সব সাংসদই সমান। তাই নতুন নির্বাচিত সাংসদদের দুই বছর পর গাড়ি আনার বিধান করা ঠিক হবে না। এমনতিইে দেড় বছর পার হয়ে গেছে।’প্রসঙ্গত, নবম সংসদেই প্রথমবারের মতো অর্ধেকের বেশি নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। মোট ৩০০ সাংসদের মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ১৬৪ জন। আর সংরক্ষিত আসনের ৪৫ জনের মধ্যে ৩৫ জনই নতুন। সব মিলিয়ে ৩৪৫ আসনের সংসদে এবার নতুন মুখ ১৯৯।বিধি অনুযায়ী, ১১ ধরনের বিলাসবহুল গাড়ি আমদানি করা যাবে না। এগুলো হলো মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, হামার, বিএমডব্লিউ, পোরশে, ফেরারি, ক্যাডিলাক, রোলস রয়েস, জাগুয়ার, করভেট ও অডি কোম্পানির গাড়ি। ছয় ধরনের গাড়ি আমদানি করা যাবে। এগুলো হলো, সর্বোচ্চ ১৬৫০ সিসির পেট্রলচালিত, ১৮০০ সিসির ডিজেলচালিত ও ২০০০ সিসির হাইব্রিড মোটরগাড়ি, ২০০০ সিসির মাইক্রোবাস, ৩০০০ সিসির পেট্রলচালিত জিপ এবং ৪০০০ সিসির ডিজেলচালিত জিপ।সাংসদদের শুল্কমুক্ত গাড়ি দেওয়া শুরু হয় এরশাদ আমলে। অষ্টম সংসদ পর্যন্ত তা বহাল ছিল। সুযোগটির অপব্যবহারের ব্যাপক অভিযোগ থাকায় এটি ক্রমে চরমভাবে বিতর্কিত হয়ে পড়ে। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারি করে এ সংক্রান্ত আইনটি বাতিল করেন। কিন্তু বর্তমান সরকার সংসদে অধ্যাদেশটির বৈধতা না দেওয়ায় তা বাতিল হয়ে যায়। ফলে আবার শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বহাল হয়। অনেক কথাবার্তার পর গত বছরের ৩ জুন সংসদ কমিশনের সভায় সংসদ সচিবালয় থেকে গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আবার সরকার তেল ও চালকের খরচসহ আগের মতো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।অষ্টম সংসদের সদস্যদের নামে আমদানি করা শুল্কমুক্ত গাড়ির তালিকা থেকে দেখা যায়, প্রায় সবাই বেশি দামি গাড়ি এনেছেন। বিএমডব্লিউ, হামার বা পোরশের মতো কোনো দামি কোম্পানিই বাদ নেই এ তালিকায়। যত বেশি দামি গাড়ি আমদানি হবে সরকার তত বেশি রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।