শুল্কমুক্ত ভুট্টা আমদানি বন্ধ করার জোর দাবি

নিম্নমানের ভুট্টার শুল্কমুক্ত আমদানি বন্ধ এবং দেশীয় ভুট্টার ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। জেলার ভুট্টাচাষি ও ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ভুট্টা ফেলে ওই কর্মসূচি পালন করেন।
পরে চাষি ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন। কর্মসূচিতে দুই শতাধিক কৃষক-ব্যবসায়ী অংশ নেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত সুবিধায় নিম্নমানের ভুট্টা আমদানি করছে। ফলে দেশে উৎপাদিত ভুট্টার মূল্য অনেক কমে গেছে। ভুট্টা আমদানি বন্ধ না করলে দেশের কৃষক ও ক্ষুদ্র ভুট্টা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। এতে করে চাষিরা ভুট্টা চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন। ভবিষ্যতে বাংলাদেশ ভুট্টা আমদানিকারক দেশ হিসেবে পরিণত হবে। দেশে যে পরিমাণ ভুট্টার আবাদ হয়, তাতে বিদেশ থেকে ভুট্টা আমদানির প্রয়োজন নেই বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সহিরউদ্দিন জানান, জেলায় ভুট্টার আবাদ ও উৎপাদন বেড়েছে। চলতি মৌসুমে জেলায় এক হাজার হেক্টর জমিতে সাত হাজার ১৭০ মেট্রিক টন ভুট্টার উৎপাদন হয়েছে। ৯৭৮ হেক্টর জমিতে ভুট্টার আবাদ এবং পাঁচ হাজার ৮৬৮ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।
পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ভুট্টাচাষি মো. মোশারফ হোসেন বলেন, পাঁচ একর জমিতে ভুট্টার আবাদ করে তাঁর দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বছর প্রতি কেজি ভুট্টা বিক্রি হয়েছিল ২০ থেকে ২১ টাকায়। এবার বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়।