শুল্কমুক্ত সুবিধায় উন্নত মানের কাপড় আমদানি!
শুল্কমুক্ত সুবিধায় পোশাকশিল্পের কাঁচামাল আনার ঘোষণা দিয়েছিল গাজীপুরের বসুনিয়া টেক্সটাইল লিমিটেড। তবে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর চত্বরে কনটেইনার খুলে পাওয়া গেছে উন্নত মানের ‘স্যুটিং ফেব্রিকস’।
কাস্টমের ‘অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ—এআইআর’ বিভাগের তৎপরতায় বিষয়টি ধরা পড়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে বলে কাস্টম জানায়।
শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, চীন থেকে ২৪ হাজার ৪০০ কেজি পলিয়েস্টার ফেব্রিকস আমদানির ঘোষণা দিয়েছিল বসুনিয়া টেক্সটাইল লিমিটেড। তবে খবর পেয়ে কনটেইনার খুলে শুল্ক কর্মকর্তারা দেখেন, চালানটিতে রেমন্ড ও রিড অ্যান্ড টেইলর ব্র্যান্ডের ২৪ হাজার ৭০০ কেজি স্যুটিং কাপড় রয়েছে। বাণিজ্যিকভাবে এসব কাপড় আমদানি করা হলে আমদানিকারক প্রতিষ্ঠানকে ৯৩ শতাংশ হারে প্রায় ৬৩ লাখ টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা দিতে হতো।