আসবাবপত্র তৈরিতে ব্যবহূত কাঁচামালের ওপর বিদ্যমান শুল্কহার এ শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা নষ্ট করবে বলে আশঙ্কা করছেন এর উদ্যোক্তারা। বর্তমানে এ শিল্পে ব্যবহূত প্রধান দুটি কাঁচামাল আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক, ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ২০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রয়েছে।আসবাবপত্র প্রস্তুতকারী ও বিপণনকারীরা বলছেন, এই উচ্চ শুল্কহারের কারণে আন্তর্জাতিক বাজারে আসবাবপত্র রপ্তানির যে বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা বিনষ্ট হবে। তাই এ শিল্পের ওপর আরোপিত শুল্কহার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। আসবাবপত্র প্রস্তুতকারীরা বলছেন, বর্তমানে আসবাবপত্র তৈরিতে কাঠের বিকল্প হিসেবে পার্টিক্যাল বোর্ড ও এমডিএফ বোর্ড ব্যবহূত হয়ে থাকে। এগুলো দিয়ে তৈরি আসবাবের দাম মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের মধ্যে থাকছে এবং বাড়ছে রপ্তানির পরিমাণও। কিন্তু এর ওপর বর্ধিত শুল্কহার এ শিল্পকে তীব্র প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছে। আর এ সুযোগে আমদানি করা আসবাবপত্র স্থানীয় বাজার দখল করতে চলেছে। যোগাযোগ করা হলে অটবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু প্রথম আলোকে বলেন, আসবাবপত্র উৎপাদনের জন্য পার্টিক্যাল বোর্ড ও এমডিএফ বোর্ড দুটি প্রধান মৌলিক উপকরণ। এ দুটি পণ্যকে কোনোভাবে সম্পূর্ণ প্রস্তুত পণ্য হিসেবে বিবেচনা করা যায় না। কারণ এসব পণ্যের সরাসরি কোনো ব্যবহার সাধারণত নেই। আসবাবপত্র শিল্প মালিকেরা বলছেন, দেশে যে কয়টি স্থানীয় প্রতিষ্ঠান পার্টিক্যাল বোর্ড তৈরি করে, তাদের ক্ষেত্রে প্রতিরক্ষণের হার প্রায় ৮৩ দশমিক ৪ শতাংশ। অথচ এ পণ্যটি উৎপাদনের প্রধান কাঁচামালের (পাটখড়ি, গাছের ডালাপালা-বাকল) ওপর কোনো শুল্ককর নেই এবং খুব কম মূল্যে স্থানীয়ভাবে সংগ্রহ করা সম্ভব। এ ছাড়া যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, তারও শুল্কহারও মাত্র ২৪ শতাংশ। উপকরণ ও উৎপাদনের মধ্যে শুল্ককরের ব্যাপক এ পার্থক্য আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অস্তিত্ব বিপন্ন করবে। কারণ বেশি দামে কাঁচামাল আমদানি করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। এ ব্যাপারে অনিমেষ কুন্ডু বলেন, দেশে এমডিএফ বোর্ড তৈরি হয় না। পার্টিক্যাল বোর্ড তৈরি হলেও তা আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। ফলে মানসম্পন্ন আসবাবপত্র তৈরি করার জন্য আমদানি করা বোর্ডের ওপর নির্ভর করতে হয়। শুল্ক কমানো হলে পণ্যের দাম কমবে, বিক্রি বাড়বে এবং এতে সরকারের রাজস্বও বাড়বে।