শুল্কায়নে দুর্নীতির কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী

শিল্প কর ও শুল্কায়নে দুর্নীতির কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এসব দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘শিল্প ও শুল্কায়নে দুর্নীতি আছে। এটা সবাই জানি এবং বলেও থাকি। কিন্তু নালিশ কম হয়।’ তিনি বলেন, ‘নালিশ না করলে তো আর দুর্নীতি থাকে না, স্বাভাবিক হয়ে যায়। সবাই তা মেনে নেয়। তবে যেসব দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ থাকে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’
সাংসদ ইসরাফিল আলম অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ব্যাংকের টাকা লুটের ঘটনায় ব্যাংক কর্মকর্তাদের কেন বরখাস্ত করা হচ্ছে? এটা হলে ব্যাংকিং কার্যক্রম চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
জবাবে অর্থমন্ত্রী বলেন, শাস্তি দেওয়া হয়েছে তাঁদের, যাঁরা সংশ্লিষ্ট ছিলেন। কিছু কর্মকর্তার বিরুদ্ধে নামে মামলা হয়েছে, যাঁরা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে।
লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব কম আদায় ও প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ার কারণও উল্লেখ করেন অর্থমন্ত্রী। এজন্য তিনি রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন। তিনি বলেন, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার কারণগুলো হলো আয়কর রিটার্ন ও রিটার্নের আদায়কৃত আয়কর কম হওয়া, আয়কর রেয়াতের পরিমাণ ও হারের পরিবর্তন, আমদানি পর্যায়ে উেস কর হতে আদায়ের পরিমাণ কম হওয়া, রপ্তানি পর্যায়ে উেস কর থেকে আদায়ের পরিমাণ আশানুরূপ না হওয়া, বৃহত্ করদাতা ইউনিটের মাধ্যমে কম রাজস্ব আদায়, সেবা খাত থেকে উেস কর কর্তন কম হওয়া। তিনি বলেন, বিগত কয়েক মাসে রাজনৈতিক কারণে পণ্যের আমদানি উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। তা ছাড়া বিগত বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার ৫ থেকে ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে আমদানি পর্যায়ের রাজস্বে প্রবৃদ্ধির এই নেতিবাচক প্রভাব পড়েছে।
অর্থমন্ত্রী বলেন, বিড়ি-সিগারেট, ওষুধ, সিমেন্ট, বেভারেজ, পেট্রোলিয়াম গ্যাস ও অন্যান্য গ্যাস, নারকেল তেল, এমএম রড, স্ক্র্যাপ, টাইলস খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় মূসক অনেকে কম আদায় হয়েছে। সেবা খাতের মধ্যে মুঠোফোন, ব্যাংক, বিমা সংস্থা, হোটেল, ইন্টারনেট, ইজারাদারের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার তুলনায় মূসক কম আদায় হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, মোবাইল এবং অনলাইন ব্যাংকিংয়ে যেসব জালিয়াতি বা প্রতারণার ঘটনা সরকারের দৃষ্টিগোচর হয়েছে তার অধিকাংশই ঘটেছে ব্যবহারকারীর আইটি প্রযুক্তি ব্যবহারে যথাযথ সচেতনতার অভাব কিংবা অসতর্কতার কারণে।
২৩ বছরে ২৪৭১ কেজি সোনা আটক
আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ১৯৯১ সালের ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগ চোরাকারবারিদের কাছ থেকে ২ হাজার ৪৭১ কেজি ৫ গ্রাম স্বর্ণ আটক হয়েছে, যার আটককালীন মূল্য ২২৫ কোটি ৪৮ লাখ ৭৫০ টাকা।
এক সাংসদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৩ সালে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাদের মুনাফার পরিমাণ ১ হাজার ৫৪৮ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ইসলামী ব্যাংক, মুনাফা করেছে ১ হাজার ৪৫৬ কোটি ৫৭ লাখ টাকা।