শুল্কায়নে দুর্নীতির কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী
শিল্পকর ও শুল্কায়নে দুর্নীতির কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি বলেন, এসব দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘শিল্প ও শুল্কায়নে দুর্নীতি আছে। এটা সবাই জানি এবং বলেও থাকি। কিন্তু নালিশ কম হয়।’ তিনি বলেন, নালিশ না করলে তো আর দুর্নীতি থাকে না, স্বাভাবিক হয়ে যায়। সবাই তা মেনে নেয়। তবে যেসব দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ থাকে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নওগাঁর সাংসদ ইসরাফিল আলম অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ব্যাংকের টাকা লুটের ঘটনায় ব্যাংক কর্মকর্তাদের কেন বরখাস্ত করা হচ্ছে? এটা হলে ব্যাংকিং কার্যক্রম চলবে না বলেও মন্তব্য করেন তিনি। জবাবে অর্থমন্ত্রী বলেন, শাস্তি দেওয়া হয়েছে তাঁদের, যাঁরা সংশ্লিষ্ট ছিলেন। কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, যাঁরা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে।
রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে না: চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে সংসদকে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সরকার লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব কম আদায় ও প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ার কারণও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও কারণগুলো হলো: আয়কর রিটার্ন ও রিটার্নের আদায় করা আয়কর কম হওয়া, আয়কর রেয়াতের পরিমাণ ও হারের পরিবর্তন, আমদানি পর্যায়ে উৎসে কর থেকে আদায়ের পরিমাণ কম হওয়া, রপ্তানি পর্যায়ে উৎসে কর থেকে আদায়ের পরিমাণ আশানুরূপ না হওয়া, বৃহৎ করদাতা ইউনিটের মাধ্যমে কম রাজস্ব আদায়, সেবা খাত থেকে উৎসে কর কর্তন কম ইত্যাদি।
অর্থমন্ত্রী বলেন, বিড়ি, সিগারেট, ওষুধ, সিমেন্ট, বেভারেজ, পেট্রোলিয়াম গ্যাস ও অন্যান্য গ্যাস, নারকেল তেল, এমএস রড, স্ক্র্যাপ, টাইলস খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় মূসক অনেকে কম আদায় হয়েছে। সেবা খাতের মধ্যে মুঠোফোন, ব্যাংক, বিমা সংস্থা, হোটেল, ইন্টারনেট, ইজারাদারের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার তুলনায় মূসক কম আদায় হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ১৯৯১ সালের ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগ চোরাকারবারিদের কাছ থেকে দুই হাজার ৪৭১ কেজি ৫ গ্রাম স্বর্ণ আটক হয়েছে। যার আটককালীন মূল্য ২২৫ কোটি ৪৮ লাখ ৭৫০ টাকা।
আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৩ সালে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর মুনাফার পরিমাণ এক হাজার ৫৪৮ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ইসলামী ব্যাংক মুনাফা করেছে এক হাজার ৪৫৬ কোটি ৫৭ লাখ টাকা।