শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ৪০ মিটার যমুনায় ধসে পড়েছে। গতকাল শুক্রবার ভোরে বাঁধের গয়লা মহল্লার সেকশন-ডি ৫৪০ থেকে ৫৮০ পর্যন্ত এলাকায় ওই ধস হয়।
শুষ্ক মৌসুমে আকস্মিক এই ধসে সিরাজগঞ্জবাসীকে উদ্বিগ্ন করার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও (পাউবো) ভাবিয়ে তুলেছে। সকাল থেকেই ধস ঠেকাতে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুর বস্তা ও সিসি ব্লক ফেলা শুরু করে পাউবো। সকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেনসহ পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখা (বিআরই) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টার দিকে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পৌর এলাকার গয়লা নামক স্থানে হার্ডপয়েন্টের তলদেশে আকস্মিক ফাটল দেখা দেয়। মুহূর্তেই বাঁধের তলদেশের প্রায় ৪০ মিটার অংশের সিসি ব্লক ও মাটি ধসে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
সূত্র আরও জানায়, বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই কোম্পানি লি. বিখ্যাত নকশাকার হ্যালকোর নকশায় প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২০০০ সালে এই বাঁধ নির্মাণের কাজ শেষ করে। নির্মাণের শেষ পর্যায়ে বেল মাউথে ভাঙন শুরু হলে তা মেরামত করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন সময় বাঁধের মোট ৩৫৫ মিটার ভেঙে যমুনার গর্ভে বিলীন হয়ে যায়। গত বছরও দুই দফায় ভাঙন দেখা দেয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখার (বিআরই) নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম জানান, সাম্প্রতিক সময়ে পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় বাঁধে ধস হয়ে থাকতে পারে। ভাঙন এলাকায় জরিপ শুরু করা হয়েছে। ধসের কারণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শুষ্ক মৌসুমে ধস নামার বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। তবে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে ধস নিয়ন্ত্রণে আনা হয়েছে।