শুষ্ক মৌসুমেও ভাঙছে ছোট ফেনী নদী

কয়েক বছর আগে বর্ষায় ভাঙনের কবলে পড়ে বাড়িঘর হারিয়ে বেড়িবাঁধের ওপর নতুন করে বসতি গড়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরের দিনমজুর নুর আহম্মদ। কিন্তু এবার শুষ্ক মৌসুমে ছোট ফেনী নদীর ভাঙন তাঁর শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কোথায় যাবেন, তা ভেবে পাচ্ছেন না ষাটোর্ধ্ব নুর আহম্মদ।
শুধু নুর আহম্মদ নন, বর্ষার পর গত ছয় মাসে মুছাপুর, চর ফকিরা ও চর হাজারী ইউনিয়নের বিভিন্ন এলাকার কমপক্ষে ২০০ পরিবার ছোট ফেনী নদীর ভাঙনে গৃহহারা হয়েছে। অনেক পরিবারের শেষ সম্বলটুকু ভেঙে নিয়ে গেছে নদী। তাই নতুন করে বসতি গড়ার মতো সামর্থ্যও নেই তাদের।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ছোট ফেনীর উত্তাল জোয়ারের ঢেউ এসে আছড়ে পড়ছে মুছাপুরের বেড়িবাঁধের ওপর। ঢেউয়ের আঘাতে এরই মধ্যে ভেঙে গেছে বাঁধের বিস্তীর্ণ অংশ। কয়েকটি স্থানে ভাঙন গিয়ে ঠেকেছে বাঁধের ভেতরের ফসলি জমি পর্যন্ত। এতে ভরা জোয়ারে মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কৃষকেরা।
বাঁধসংলগ্ন মুছাপুর গ্রামের বাসিন্দা কৃষক আবদুল গোফরান প্রথম আলোকে বলেন, তিনি এবার প্রায় এক একর জমিতে বিভিন্ন ধরনের ডাল চাষ করেছেন। কিন্তু জমির পাশের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ফসলগুলো হুমকির মুখে পড়েছে। অবিলম্বে বেড়িবাঁধের ভাঙন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
চর ফকিরার চর দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামের গৃহিণী নাছরিন আক্তার বলেন, ‘আগে তিনবার ছোট ফেনী নদী বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। এখন আবার ভাঙন বাড়ির কাছাকাছি এসে গেছে। এবার ভেঙে গেলে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই।’
মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, গত এক সপ্তাহে তাঁর এলাকার বেড়িবাঁধের ওপর বসবাসকারী পরিবারসহ কমপক্ষে ১৫-১৬টি পরিবার গৃহহারা হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় আরও অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে।
মাহফুজুল হক চৌধুরী বলেন, চলতি শুষ্ক মৌসুমে ছোট ফেনী নদীর ওপর নির্মাণাধীন মুছাপুর ক্লোজার নির্মাণ শেষ করা না গেলে এবং ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বর্ষা মৌসুমে কোম্পানীগঞ্জের বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বলেন, ছোট ফেনী নদীর ভাঙনে এরই মধ্যে মুছাপুর এলাকায় বেড়িবাঁধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। সর্বশেষ ভাঙনে ১২-১৪টি পরিবার গৃহহারা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান বলেন, নদীটি প্রচণ্ড ভাঙনপ্রবণ। তা ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবও রয়েছে।