শুষ্ক মৌসুমেও সড়কে পানি

শুষ্ক মৌসুম, নগরের বিভিন্ন সড়কে উড়ছে ধুলাবালু। তাই সকাল-বিকেল সড়কে পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। অথচ রাজধানীর কদমতলীর মুরাদপুর মাদ্রাসা রোডের চিত্র ভিন্ন। সড়কটি তলিয়ে আছে পানির নিচে।
এদিকে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে মুরাদপুরসহ আশপাশের এলাকার সড়ক ও নালা পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত উঁচু করা হয়েছে। এতে রাস্তার পাশের বাড়িঘর ও বৈদ্যুতিক খুঁটিগুলো সড়ক থেকে নিচু হয়ে গেছে।
মুরাদপুর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫২ নম্বর ওয়ার্ডের আওতাধীন। হাজি লাল মিয়া সরকার রোড, মুরাদপুর রজ্জব আলী সরদার রোড, মুরাদপুর হাইস্কুল রোড, ভবানী বাগিচা রোড, উত্তর মুরাদপুর খলিলুর রহমান রোড, নোয়াখালী পট্টি, পোকার বাজার, সমিরন নেছা উচ্চবিদ্যালয়, শিশু কবরস্থান সড়ক এলাকা নিয়ে ওয়ার্ডটি গঠিত। ওয়ার্ডে লক্ষাধিক লোকের বাস। প্রায় ২৮ হাজার ভোটারের এই ওয়ার্ডে সরকারি কমিউনিটি সেন্টার, পার্ক বা মাঠ, কাঁচাবাজার, ব্যায়ামাগার, পাঠাগার নেই। গতকাল রোববার ওয়ার্ড ঘুরে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জলাবদ্ধতা
স্থানীয় লোকজন বলেন, মুরাদপুর ও আশপাশের এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা। বর্ষায় রাস্তাঘাট তলিয়ে অনেক বাড়িতে পানি ঢুকে পড়ে। সড়কে পানি জমে যায়। এর সঙ্গে যোগ হয় নর্দমা ও পয়োনালার পানি।
গতকাল দেখা যায়, সানরাইজ প্রিপারেটরি স্কুলের সামনে থেকে প্রায় কুদার বাজার পর্যন্ত মুরাদপুর মাদ্রাসা রোডের প্রায় আধা কিলোমিটার অংশে কালো পানি জমে আছে। সড়কের পাশের বেশির ভাগ দোকান বন্ধ। কিছু দোকানপাটের ভেতরেও পানি ঢুকে গেছে। পানি থেকেও তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এই পানি মাড়িয়েই চলাচল করছেন পথচারীরা। এ ছাড়া মুরাদপুরে তিতাস খালে আবর্জনা স্তূপ হয়ে আছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, তিন বছরের বেশি সময় ধরে সড়কটির এই অবস্থা। বর্ষা মৌসুমে পুরো এলাকাই পানি থইথই অবস্থা হয়ে যায়।
মুরাদপুর মাদ্রাসা রোডের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, সড়কের দুই পাশের ছোট নালা ও একটি খাল দিয়ে ওয়ার্ডের পানি নিষ্কাশন হয়। কিন্তু আবর্জনার কারণে বিভিন্ন স্থানে নালা ও খাল বন্ধ হয়ে গেছে। এতে খাল বেয়ে পানি সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্পের দিকে যেতে পারে না৷ এ কারণে ওই এলাকার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে পানি জমে আছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই এই ওয়ার্ডের ৯৫ ভাগ সড়ক পানিতে তলিয়ে যায়। বিভিন্ন বাসাবাড়ির ভেতর পানির সঙ্গে পয়োবর্জ্য ঢুকে যায়৷ এভাবে সাত-আট বছর ধরে বসবাস করছেন বাসিন্দারা৷
উঁচু সড়ক, নিচু বাড়ি
ডিএসসিসির ৫২ নম্বর ওয়ার্ডের অনেক বাড়ি সড়ক থেকে পাঁচ থেকে ছয় ফুট নিচু দেখা গেছে। এর মধ্যে হাজি লাল মিয়া সরকার রোডে কয়েকটি এক তলা বাড়ির ছাদ সড়ক থেকেই ছোঁয়া যায়।
হাজি লাল মিয়া সরকার রোডের বাসিন্দা আবুল কালাম বলেন, মহল্লার জলাবদ্ধতা না কমিয়ে অপরিকল্পিতভাবে সড়কগুলো উঁচু করেছে ডিএসসিসি ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। অথচ এসব রাস্তা মহল্লার মানুষের তেমন কাজে আসছে না। বৃষ্টি হলে সড়কের পানি গড়িয়ে ঘরে ঢুকছে। সড়কের পাশের জানালা সব সময় বন্ধ রাখতে হয়। এ ছাড়া বৈদ্যুতিক খুঁটিগুলোও নিচু হয়ে গেছে। কিছু এলাকার সড়কে বৈদ্যুতিক তারগুলো মাথার ওপরে পাঁচ-ছয় ফুটের মধ্যে চলে এসেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পানি ও গ্যাস-সংকট
ডিএসসিসির ৫২ নম্বর ওয়ার্ড ডিএনডি বাঁধের আওতাভুক্ত। স্থানীয় লোকজন জানান, ৩০-৩৫ বছর আগে এই এলাকা ছিল নিম্নাঞ্চল। সেখানে ক্রমান্বয়ে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলা হয়। জলাবদ্ধতা থেকে বাঁচতে বাড়িঘর ও রাস্তাঘাট উঁচু করা হয়। এতে ২০ থেকে ২৫ বছর আগের ওয়াসার পানি ও তিতাসের গ্যাসের লাইনগুলো ক্রমান্বয়ে নিচে যেতে থাকে। ওয়াসার লাইন থেকে মোটর ও চাপকল দিয়ে পানি টেনে ওঠাতে হয়। এর মধ্যে মানুষের চাপ বাড়ায় মহল্লায় গ্যাস ও পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা রোডের বাসিন্দা নাদিম আহমেদ ও আকবর হোসেন।
কমিউনিটি সেন্টার
লক্ষাধিক বাসিন্দার এই ওয়ার্ডে এখনো কমিউনিটি সেন্টার নির্মাণ করেনি সিটি করপোরেশন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নোয়াখালী পট্টির বাসিন্দা নবীর হোসেন বলেন, মহল্লার সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এই ওয়ার্ডে সরকারি কোনো কমিউনিটি সেন্টার নেই। এমনকি বেসরকারি কমিউনিটি সেন্টারও নেই। এতে অনেক দূরে গিয়ে অনুষ্ঠান করতে হচ্ছে। এতে সময় ও টাকা বেশি খরচ হচ্ছে। তাই অবিলম্বে ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করতে হবে।
যত্রতত্র ময়লার স্তূপ
ডিএসসিসির এই ওয়ার্ডের প্রায় সব সড়কে ময়লা-আবর্জনার স্তূপ দেখা গেছে। কিন্তু কোনো কনটেইনার বা ডাস্টবিন দেখা যায়নি।
ভবানী বাগিচা রোডের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, এই এলাকায় বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করেন না পরিচ্ছন্নতাকর্মীরা। এতে লোকজন যত্রতত্র বর্জ্য ফেলছেন। এ কারণেই তিতাস খালসহ অনেক নালা বন্ধ হয়ে গেছে।