শূকরের অবাধ বিচরণে অতিষ্ঠ শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌর শহরে অবাধে শূকর বিচরণ করায় শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। শহরবাসীর অভিযোগের বিষয়টি পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই।শহরের রাচন্দ্রপুরপাড়ার গোলাপ হোসেন বলেন, ‘শূকরগুলো শহরের পচা দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা ভরা নালা থেকে উঠে আচমকা রাস্তা দিয়ে দৌড় দেয়। পথচারীরা বুঝে ওঠার আগেই এগুলো লোকজনের শরীরে লেগে যায়। অনেক সময় রিকশা, ভ্যান কিংবা মোটরযানের সঙ্গে ধাক্কা খায়। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এ ছাড়া খাদ্যের সন্ধানে শূকরের দল মাঝেমধ্যে বাড়ির ভেতরে ও বিভিন্ন হাটবাজারে ঢুকে পড়ে।’ জানা গেছে, পৌর শহরের দুটি হরিজনপাড়ার লোকজন শতাধিক শূকর পালন করে। এগুলো ঘেরা জায়গায় কিংবা বেঁধে না রাখায় শহরে অবাধে বিচরণ করে।শেরপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর চন্দন কুমার দাস বলেন, ‘আমি নিজেও ভুক্তভোগী। পৌর কর্তৃপক্ষ থেকে শূকর পালনকারীদের ডেকে বেশ কয়েক দফা সর্তক করে দেওয়া হয়েছে।’ একই ধরনের কথা বলেন, আরেক কাউন্সিলর গোবিন্দ বাগচী।হরিজনপল্লির মিনতি রানী ও লীলা জানান, ছোট-বড় মিলে শখানেক শূকর আছে দুটি পল্লিতে। মাঝেমধ্যে মির্জাপুর ও বতুয়াবাড়ি থেকে কিছু শূকর এনে রাখা হয়। ঘেরা জায়গা না থাকায় এগুলো শহরে ঘুরে বেড়ায়। লালদি বলেন, ‘যে বেতন পাই তা দিয়ে সংসার চলে না। বেড়া দেওয়ার মতো জায়গা আমাদের নেই। আবার পৌরসভাও তা করে দেয়নি।’ পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, সমস্যা সমাধানের লক্ষ্যে শূকর নিধনের জন্য বগুড়ার জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।