শূন্য আসন পূরণে মেধা তালিকা প্রকাশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ফাঁকা থাকা ২২৮টি আসন পূরণ করতে বর্ধিত মেধা তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপপরিচালক গোলাম মর্ত্তুজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি আবদুস সোবহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ধিত মেধা তালিকা প্রকাশ করা হয়। একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে এই বর্ধিত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে আগামী ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘গ্রুপ-১’-এ ২৪৯৯ থেকে ২৬৯৮ তম পর্যন্ত এবং আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১২৯ থেকে ১৫৬ তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এই মেধা তালিকায় ভর্তিচ্ছুকদের অবশ্যই দুপুর ১২টার মধ্যে ভর্তি হতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন শূন্য থাকা সাপেক্ষে একই দিন দুপুর ১২টা থেকে ‘গ্রুপ-২’-এ ২৬৯৯ থেকে ৩০৯৮ তম পর্যন্ত এবং আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১৫৭ থেকে ২৫৬ তম স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে। এই মেধা তালিকায় ভর্তিচ্ছুকদের অবশ্যই দুপুর ১২টার মধ্যে ভর্তির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। এরপরেও যদি আসন শূন্য থাকে তবে একই দিন বিকেল তিনটা থেকে ‘গ্রুপ-৩’-এ ৩০৯৯ থেকে ৩৪৯৮ তম পর্যন্ত এবং আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ২৫৭ থেকে ৩৫৬ তম স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে। এই মেধা তালিকায় ভর্তিচ্ছুকদের অবশ্যই বিকেল তিনটার মধ্যে ভর্তির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। আগামী ২২ জানুয়ারি রাত ৯টায় ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ এবং আসন শূন্য থাকা সাপেক্ষে পরের তালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য ২০১৬ সালের ৩০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১৪টি বিভাগে মোট ৮৭৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়। এর মধ্যে ৫টি আসন কোটাধারীদের জন্য সংরক্ষিত। আবেদন জমা পড়ে প্রায় ১৩ হাজার ১০০টি। প্রাথমিক বাছাই শেষে ৬ অক্টোবর প্রায় ৮ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে প্রায় ৬ হাজার ৩০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ২৬ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ হয়। এতে ৩৫০ নম্বরের মধ্যে ন্যূনতম ১০৫ নম্বর পাওয়া ২ হাজার ৪৯৮ জনের সমন্বয়ে মেধা তালিকা প্রকাশ করা হয়। পরে ১ ডিসেম্বর থেকে মেধা তালিকা থেকে ভর্তি শুরু হয়। আসন শূন্য থাকা সাপেক্ষে পাঁচ দফায় মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের ভর্তি করানো হয়। ২৯ ডিসেম্বর পর্যন্ত ২২৮টি আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মোশাররাফ হোসেন প্রথম আলোকে বলেন, আসনগুলো পূরণের জন্য নতুন মেধাতালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন শূন্য থাকা সাপেক্ষে ২ হাজার ৪৯৮ তালিকার পরের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। নতুন করে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা অকৃতকার্য কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিবছর গড়ে দেড় হাজার জনের তালিকা থেকেই সবগুলো আসন পূরণ হয়ে যায়। তাই তালিকা তৈরির সুবিধার্থে আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে থামি। সেই হিসেবেই ১০৫ নম্বর পাওয়া পর্যন্ত মেধা তালিকায় রাখা হয়েছিল। তার মানে পরের শিক্ষার্থীরা অকৃতকার্য এটা বলা যাবে না।’