শূন্য থেকে শুরু করতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ওসমান গনি
মো. ওসমান গনি

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মো. ওসমান গনি। ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে গতকাল তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: বেহাল সড়ক সংস্কারে কী উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: সব সড়কের কাজ নতুন করে শুরু করতে হচ্ছে। বলতে গেলে শূন্য থেকে। তবে মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসংলগ্ন সড়কের সংস্কারকাজ প্রথমে শুরু করেছি। অনেকগুলো রাস্তার কাজ চলমান।
প্রথম আলো: ফুটপাত দখল করে দোকানপাট গড়ে তোলা হয়েছে। এ ব্যাপারে কী ব্যবস্থা নিয়েছেন?
কাউন্সিলর: আমরা অনেকবার ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উঠিয়ে দিয়েছি। কিন্তু দু-এক দিন পরেই তারা আবার বসে যায়। ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেষ্ট হতে হবে। কারণ অনেক ক্ষেত্রে তারাই ফুটপাতে দোকান বসানোর সঙ্গে জড়িত।
প্রথম আলো: মশক নিধনে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন?
কাউন্সিলর: আমাদের চারজন লোক নিয়মিত কাজ করে যাচ্ছেন। তবে ওয়ার্ডে অনেক ডোবা-নালা আছে। সেখানে ঘাসে ভরা। এতে ওষুধ ছিটালেও কাজ হয় না।
প্রথম আলো: এলাকার লোকজন বলেছেন, বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। এ ব্যাপারে কী বলবেন?
কাউন্সিলর: সড়কের সঙ্গে জলাবদ্ধতা সম্পৃক্ত। তাই সড়ক সংস্কারের সঙ্গে পানি ও পয়োনালা সংস্কারের কাজও করা হচ্ছে। সড়ক সংস্কারের সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে। আগের সুয়ারেজ লাইনগুলো অপরিকল্পিত ছিল। অনেক স্থানে পাইপের লেভেল সমান রাখা হয়নি। তাই পানি প্রবাহিত হয় না।
প্রথম আলো: খেলার মাঠ ও কমিউনিটি সেন্টারের ব্যাপারে আপনি কী পদক্ষেপ নিয়েছেন?
কাউন্সিলর: কমিউনিটি সেন্টারের জন্য কোনো সরকারি জায়গা পাওয়া যাচ্ছে না। এদিকে মাঠ না থাকায় অনেক যুবক বিভিন্ন স্থানে আড্ডা দেয়, নেশা করে। এমনকি তারা ল্যাম্পপোস্টও নষ্ট করে, যাতে অন্ধকারে আড্ডা দেওয়া যায়।