শূন্য পদে নির্বাচনের আগে উপজেলা নির্বাচন না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শূন্য পদগুলোতে নির্বাচনের কাজ শেষ করার পর সারা দেশে নতুন করে উপজেলা নির্বাচন করার দাবি জানিয়েছে ‘উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। এটিসহ মোট পাঁচ দফা দাবিতে ১২ জানুয়ারি ঢাকায় সম্মেলন করবে অ্যাসোসিয়েশন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অ্যাসোসিয়েশনের নেতারা। তাঁরা জানান, ১২ জানুয়ারি সকাল ১০টায় বিএমএ মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সব প্রচেষ্টা নিষ্ফল হয়েছে। উপজেলা পরিষদ আইন একটি ভালো আইন হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বর্তমানে উপজেলা পরিষদ ঠুঁটো জগন্নাথই রয়ে গেছে। চার বছরে উপজেলা পরিষদের কয়েকজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মারা গেলেও এসব শূন্য পদে আজও নির্বাচন হয়নি। পরিষদের নারী সদস্য পদেও নির্বাচন হয়নি।পাঁচ দফা দাবিতে বলা হয়েছে, সরকারের ১৩টি মন্ত্রণালয়ের ১৭টি বিভাগের বাজেট উপজেলা পরিষদ তহবিলে হস্তান্তর করতে হবে। উপজেলা পরিষদের জন্য আদর্শ কর তালিকা ঘোষণা এবং ভূমি হস্তান্তর করের ১ শতাংশ উপজেলা তহবিলে জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদকে উপজেলা পরিষদ থেকে আলাদা করতে হবে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শূন্য পদে এবং নারী সদস্য নির্বাচনের কাজ শেষ না করে নতুন নির্বাচন দেওয়া যাবে না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চেয়ারম্যান গোলাম রব্বানী, নওগাঁর মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ।