সম্প্রতি জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা, দীর্ঘদিন শূন্য থাকা বিভাগীয় প্রধানের কয়েকটি পদে নিয়োগের কার্যক্রম শুরুসহ চার দফা দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কল্যাণ পরিষদ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পাঠানো পরিষদের এক পত্রে এসব দাবি তুলে ধরা হয়। পরিষদের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত এই পত্রে বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রধান প্রকৌশলী, প্রধান চিকিৎসা কর্মকর্তা ও গ্রন্থাগারিকের পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এ পদগুলো পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারিসহ নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা যত দ্রুত সম্ভব নিতে হবে। পত্রে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অপসারণের বিষয়টি সিন্ডিকেটের সিদ্ধান্ত-সম্পর্কিত; কাজেই বিষয়টি সেখানেই নিষ্পত্তি হওয়া উচিত। সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা এবং এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কর্মরত অ্যাডহক ও মাস্টাররোলের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া।খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার গাজী আবদুল্লাহেল বাকী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘তাঁরা দাবিনামা দিয়েছে শুনেছি, তবে তা এখনো হাতে পাইনি।’