শূন্য পদে নিয়োগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী সময়ভিত্তিক কর্মপরিকল্পনা করতে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে শূন্য পদে নিয়োগ ও পদ সৃষ্টি ত্বরান্বিত করার উপায় বের করে সুপারিশ দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সভায় বলা হয়, জনবলের অভাবে কখনো কখনো মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হয়। নিয়োগ ও পদ সৃষ্টিতেও অনেক ক্ষেত্রে সময় লাগে। পরীক্ষার মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগের সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। কিন্তু পিএসসির সক্ষমতা কম। এ জন্য নিয়োগ ও পদ সৃষ্টির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, মন্ত্রিসভার অনুশাসন অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, জনপ্রশাসন সচিব ও অর্থসচিবসহ সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে আলোচনা করে একটি কৌশল নির্ধারণ করে তা সুপারিশ আকারে পেশ করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভায় উপস্থিত একজন মন্ত্রী বলেন, চাকরিজীবী দম্পতিদের বদলির ক্ষেত্রে একই এলাকায় রাখতে বিদ্যমান নীতিমালা শিথিল করার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
বৈঠকে দুজন মন্ত্রী শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুললে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যার কথাও আলোচনা হয় সভায়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন তুলে ধরা হয়।
সভায় সর্বোচ্চ আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়া সামরিক সরকারের আমলে করা দুটি অধ্যাদেশ নিয়ে আবারও আলোচনা হয়। এর মধ্যে যেগুলো অতি প্রয়োজন সেগুলোকে হালনাগাদ করে বাংলা ভাষায় রূপান্তর করার বিষয়ে তাগিদ দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রায় সাড়ে পাঁচ শ অধ্যাদেশের মধ্যে ২৫৭টি অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে। ইতিমধ্যে ১৩টি অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে। তিনটির বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।