শূন্য পদের শতভাগ নিয়োগে সুপারিশের ক্ষমতা পিএসসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস উত্তীর্ণ কিন্তু চাকরির জন্য সুপারিশ করা হয়নি, এমন প্রার্থীদের সরকার চাইলে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে শতভাগ নিয়োগের সুপারিশ করতে পারবে পিএসসি। বর্তমান নিয়মে প্রতিষ্ঠানটি শূন্য পদের ৫০ শতাংশ সুপারিশ করতে পারে।সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী, সরকার নন-ক্যাডার পদে নিয়োগের বর্তমান বিধান সংশোধন করছে। এ জন্য তৈরি করা হয়েছে নন-ক্যাডার পদে নিয়োগের (বিশেষ) বিধান ২০১১। ৯ জানুয়ারি প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় এই বিধিমালা উত্থাপনের জন্য আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।জানা যায়, সচিব কমিটি প্রস্তাব অনুমোদন করলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে আইনি পরিভাষায় রূপান্তরের জন্য। এরপর সংস্থাপন মন্ত্রণালয় তা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সংশোধিত বিধি গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের দিন থেকে এটি কার্যকর বলে গণ্য হবে। জানা যায়, বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রণালয় বিভাগের অধীন প্রতিষ্ঠান, সংস্থা ও নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ৩৫ হাজার ৪৬০টি পদ শূন্য রয়েছে।পিএসসি এসব পদে নিয়োগ দিয়ে থাকে। কিন্তু পিএসসির অনেক কাজের মধ্যে এটি আলাদাভাবে করতে বছরের পর বছর লেগে যায়। এতে শূন্য পদের সংখ্যা বাড়তে থাকে আর কর্মকর্তার অভাবে কাজকর্মে অসুবিধার সৃষ্টি হয়।সূত্র বলছে, এই বাস্তবতায় গত বছর বিসিএস উত্তীর্ণ কিন্তু চাকরির জন্য সুপারিশ করা হয়নি, এমন প্রার্থীদের মধ্য থেকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য পিএসসি সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার মোট শূন্য পদের ৫০ শতাংশ পূরণে পিএসসিকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছিল। কিন্তু এতেও অনেক প্রার্থীর নিয়োগ সম্ভব হচ্ছিল না, আবার পদও শূন্য থেকে যাচ্ছিল। গত ৩ জুন ২৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় পাঁচ হাজার ১০৫ জন উত্তীর্ণ হন। এঁদের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) দুই হাজার ১৯০ জনকে বিভিন্ন ক্যাডার এবং বাকি দুই হাজার ৯১৫ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে। এ জন্য ২৮তম বিসিএসের ফলাফল প্রকাশের আগে গত বছরের ১০ মে সংস্থাপন মন্ত্রণালয় ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০’ জারি করে। এতে শূন্য পদের ৫০ শতাংশ পূরণে পিএসসিকে সুপারিশের ক্ষমতা দেওয়া হয়। এখন এই শতাংশের বিধান রহিত করে ‘সরকার চাইলে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা নিয়োগ দিতে পারবে’ বলে বিধান সংযোজন করা হচ্ছে। আগের বিধির আলোকে পিএসসি নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আবেদন চাইলে উত্তীর্ণদের মধ্যে দুই হাজার ৭০০ জন আবেদন করেন। কিন্তু এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।