শূন্য রানে আউট সাবেক অধিনায়ক আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়ে শূন্য রানে আউট হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে তাঁর দল হারতে হারতে জিতে গেছে।

পাংশা সরকারি কলেজ মাঠে গতকাল মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে পাংশার কুলটিয়া রঘুনাথপুর ক্রিকেট একাদশের হয়ে অংশ নেন আশরাফুল। তাঁর দল আগে ব্যাট করে। প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন জাতীয় দলের সাবেক এ তারকা খেলোয়াড়। তবে চার বল খেলতেই ক্যাচ আউট তিনি; রানের কোনো খাতা খুলতেই পারেননি। আশরাফুল ব্যাট হাতে ব্যর্থ হলেও সফল হয়েছে তাঁর দল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দলটি ১ রানে কালুখালী উপজেলার মৃগী ক্রিকেট একাদশকে হারিয়ে দিতে সক্ষম হয়। রঘুনাথপুর ক্রিকেট একাদশ করেছিল ৯ উইকেটে ১৮৯ রান; মৃগী ক্রিকেট একাদশ ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান করতে সক্ষম হয়।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আবদুল আল মাসুদ বিশ্বাস। বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার সালমা বেগম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।