শূন্য রেখা থেকে কাঁটাতারের বেড়া সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে আরাকান সীমান্তে শূন্য রেখার ১৫০ গজের ভেতরে মিয়ানমারের দেওয়া কাঁটাতারের বেড়া সরিয়ে নিতে বলেছে বাংলাদেশ।গতকাল মঙ্গলবার কক্সবাজার শহরে অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের পাঁচ ঘণ্টাব্যাপী সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই দাবি তুলে ধরে।বৈঠকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করা, মাদক ব্যবসা ও চোরাচালান দমন এবং কারাগারে আটক জেলেদের মুক্তি নিয়ে আলোচনা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় শহরের একটি হোটেলের সম্মেলনকক্ষে বিজিবি ও মিয়নমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার মধ্যে এই সম্মেলন শুরু হয়। এতে ১৬ সদস্যের বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির চট্টগ্রাম সেক্টরের কমান্ডার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল আবদুর রউফ। অন্যদিকে, ১৭ সদস্যের নাসাকা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের নাসাকার মংড়ু সীমান্ত অভিবাসন সদর দপ্তরের পরিচালক ইউ অং জি।সম্মেলনে শূন্য রেখা থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার দাবির জবাবে নাসাকা বলেছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই সীমান্তের শূন্য রেখার ১৫০ গজের বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে মিয়ানমার। এর সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনে বিজিবি-নাসাকা যৌথ জরিপ চালানো যেতে পারে। বৈঠকে নাসাকার সদস্যরা সেন্ট মার্টিনের সাগর উপকূলে মিয়ানমারের ট্রলারে কোস্টগার্ডের তল্লাশি, সীমান্তে সন্ত্রাসী তৎপরতা ও চোরাচালান বন্ধের দাবি জানান। বেলা সাড়ে তিনটায় এই সম্মেলন শেষ হয়। সম্মেলন শেষে লে. কর্নেল আবদুর রউফ সাংবাদিকদের বলেন, দুই দেশের সীমান্তসংক্রান্ত বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। তা ছাড়া অনুপ্রবেশ বন্ধ, মাদক পাচার ও সীমান্ত চোরাচালান প্রতিরোধে দুই দেশের সীমান্তরক্ষীরা আন্তরিকতার সঙ্গে কাজ করার বিষয়ে একমত হন। মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পপি চাষের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনারও সিদ্ধান্ত হয়।