শূন্য রেখা বরাবর সড়ক সম্প্রসারণে বিএসএফ সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বাংলাবান্ধা শূন্য রেখা বরাবর সড়ক সম্প্রসারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্মত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে বলেছে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। গতকাল শনিবার তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বেলা ১১টায় শুরু হয়ে বৈঠকটি তিন ঘণ্টা ধরে চলে। বৈঠকে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পঞ্চগড় ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাদিকুল বারী। বিএসএফের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১৯৪ বিএসএফ কমান্ড্যান্ট কে সি জাট।বিজিবি সূত্রে জানা গেছে, বৈঠকে চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ আন্তসীমান্ত সন্ত্রাস দমনে যৌথ টহলের সিদ্ধান্ত হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উভয় দেশের সীমান্তরক্ষীদের সম্পর্কোন্নয়ন, সীমান্তে নিরীহ বাংলাদেশিকে গুলি না করাসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।পঞ্চগড় ২৫ বিজিবি ব্যাটালিয়নের মেজর এ কে এম হাসিবুল হোসেন জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের অধীনে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। নো ম্যান্স ল্যান্ডের ১৫০ গজের মধ্যে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের উন্নয়নকাজ করার বিষয়ে বিএসএফ বিজিবিকে পত্রের মাধ্যমে জানানোর পর কাজ শুরু করা হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়।