শূন্য রেখায় ট্রাকের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধ-হরতালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ ছিল। গত ২৬ নভেম্বরের পর বন্দরটিতে পণ্য আমদানির কাজ শুরু হয় গতকালই। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের জন্য গতকাল বন্দরের শূন্যরেখায় অপেক্ষায় ছিল পণ্যবাহী কয়েক শ ভারতীয় ট্রাক। দুপুরে তোলা ছবি । প্রথম আলো
অবরোধ-হরতালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ ছিল। গত ২৬ নভেম্বরের পর বন্দরটিতে পণ্য আমদানির কাজ শুরু হয় গতকালই। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের জন্য গতকাল বন্দরের শূন্যরেখায় অপেক্ষায় ছিল পণ্যবাহী কয়েক শ ভারতীয় ট্রাক। দুপুরে তোলা ছবি । প্রথম আলো

বেলা ১১টা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর অনেকটাই ফাঁকা। নেই স্বাভাবিক কর্মব্যস্ততা, ছোটাছুটি, পণ্য খালাসের তোড়জোড়। শূন্য রেখায় এপারে আসার অপেক্ষায় পণ্যবাহী ভারতীয় ট্রাকের দীর্ঘ সারি। এমন দৃশ্যই দেখা গেল গতকাল মঙ্গলবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরে।

স্থলবন্দরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, গত ২৬ নভেম্বর বিরোধী দলের টানা অবরোধ শুরুর পর থেকে সাতক্ষীরা জেলা সদরের ১৫ কিলোমিটার দূরের এই স্থলবন্দর বেশির ভাগ দিনই ছিল অচল। অথচ স্বাভাবিক সময়ে এই স্থলবন্দরে প্রতিদিন গড়ে ৫০ লাখ টাকার রাজস্ব আয় হয়। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এর দূরত্ব ৬০ কিলোমিটার। পশ্চিমবঙ্গ থেকে এ বন্দর দিয়ে প্রচুর পণ্য দেশে আসে। যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে কলকাতার দূরত্ব ৯৪ কিলোমিটার। স্বাভাবিক সময়ে ভোমরা দিয়ে প্রতিদিন গড়ে ২০০-৩০০ মানুষ বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করে। তা নেমে এসেছে ১০০-এর ঘরে।
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস বলেন, মাঝে তিনটি শুক্রবার এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বন্দর চালু রাখা হলেও তেমন আমদানি-রপ্তানি হয়নি। আতঙ্কের কারণে ওপারের ট্রাক এপারে আসতে চাইছে না। এপারেও পরিবহন সংকটের কারণে আমদানিতে অনাগ্রহী হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে বন্দরটি একরকম অচল হয়ে আছে। এমন অচলাবস্থা চলতে থাকলে ২০১৩-১৪ অর্থবছরের ১৬৯ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না। তিনি বলেন, গত বছরের এ সময়ের তুলনায় ১৯ ডিসেম্বর পর্যন্ত সাড়ে ১৪ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। সেপ্টেম্বরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হলেও অক্টোবর ও নভেম্বরে লক্ষ্যমাত্রার অর্ধেকও আদায় হয়নি।
গতকাল বিনা বাধায় ভোমরায় পৌঁছানো গেলেও গত বৃহস্পতিবার যাওয়ার চেষ্টা করে মাহমুদপুর পর্যন্ত গিয়ে ফিরতে হয়েছিল সড়কে গাছ ফেলে অবরোধের কারণে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অবরোধ না থাকলেও গাছ কেটে সড়ক অবরোধ করে রাখা হয়েছিল বলে জানা গেছে। গতকালও চোখে পড়েছে সদ্য কাটা গাছের কিছু গুঁড়ি।
এলাকাবাসী জানান, সোমবার রাতেও গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়েছিল। ভোরে যৌথ বাহিনীর সদস্যরা ওই পথ পরিষ্কার করেন।
ভোমরা যাওয়ার পথে পড়ে শহরতলির মাহমুদপুর, আলীপুর ও বাদামতলা। এলাকাবাসী জানান, এ তিন এলাকায় জামায়াত-শিবিরের অবস্থান শক্তিশালী। ৩ ডিসেম্বর ভোমরা যাওয়ার পথে মাহমুদপুরে যুবলীগের সদস্য গিয়াসউদ্দিনকে মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
জানা গেল, বেলা ১১টা পর্যন্ত ৩৩টি পণ্যবাহী ভারতীয় ট্রাক এপারে এসেছে। কিন্তু পণ্য খালাস শুরু হয়নি। এপারে মাত্র একটি খালি ট্রাক পৌঁছেছে পণ্য নেওয়ার জন্য। সীমান্তের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর।
দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে কথা হয় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামানের সঙ্গে। চিকিৎসাজনিত কারণে ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। তিনি বলেন, আমদানি-রপ্তানিতে এবারের মতো খারাপ অবস্থা ভোমরায় কখনো হয়নি।
ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চেকপোস্ট দিয়ে ১০ জন বাংলাদেশি ভারতে গেছেন, ভারত থেকে এসেছেন একই পরিবারের তিনজন। গত সাত দিনে ৮৯৫ জন ভারতে গেছেন এবং এসেছেন ৬৩৪ জন। স্বাভাবিক সময়ে ডিসেম্বর মাসে প্রতিদিন গড়ে ৫০০-৬০০ মানুষ যাতায়াত করে।
ভারত থেকে আসা তিনজন হলেন ভারতীয় নাগরিক অজয় ঘোষ, তাঁর স্ত্রী মনিকা ঘোষ ও ১২ বছরের ছেলে রাধা। যাবেন কালীগঞ্জ উপজেলার জাফরপুরে। সাংবাদিক পরিচয় পেয়ে অজয় জেনে নিলেন পরিস্থিতি।
বেলা একটার দিকে চেকপোস্টের সামনে সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান ঘোজাডাঙ্গার সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি অচিন্ত্য কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং ভোমরার সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেসারউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলামের সঙ্গে কথা বলেন। অচিন্ত্য জানান, ঘোজাডাঙ্গায় হাজার খানেক ট্রাক পণ্য নিয়ে অপেক্ষা করছে। নেসারউদ্দিন বলেন, দুপুর পর্যন্ত শ খানেক ট্রাক পণ্য নিয়ে ভোমরায় ঢুকেছে। এসব ট্রাকের বেশির ভাগেই পেঁয়াজ এসেছে।
লে. কর্নেল ইমাম বলেন, বিজিবি সন্ধ্যার পর আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলোকে খুলনার চুকনগর পর্যন্ত এগিয়ে দেবে।
সাতক্ষীরা শহরে ফেরার পথে দেখা গেল, বিজিবির আটজন সদস্য মিনি ট্রাকে করে টহল দিতে দিতে হ্যান্ডমাইকে বন্দর চালু হওয়ার কথা জানাচ্ছেন।