শূন্য রেখায় মিলন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্য রেখার ওপারে ভারতীয় মঞ্চে শান্তিনিকেতনের শিল্পীরা গাইছিলেন অনুষ্ঠানের শেষ গান, ‘রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাবার আগে’। আর নৃত্যশিল্পীরা গানের তালে নাচছিলেন। এপারে বাংলাদেশের মঞ্চে শিল্পীসহ উপস্থিত সবাই গলা মেলাচ্ছিলেন। এমন সময় নানা রঙের আবির ছিটিয়ে দুই দেশের শিল্পীরা বসন্তের রঙে সিক্ত করছিলেন উপস্থিত সবাইকে। ভারত-বাংলাদেশের শিল্পী, কলাকুশলী, আয়োজক আর সাধারণ দর্শকেরা বলছিলেন, ‘এ না হলে বসন্তের মিলন মেলা তো অসমাপ্ত থেকে যেত।’গতকাল রোববার (২৮ ফাল্গুন) সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দরের শূন্য রেখায় বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এভাবেই অনুষ্ঠিত হয়ে গেল ‘রবি ঠাকুরের সার্ধশত জন্মবর্ষে ভারত-বাংলাদেশ মৈত্রীর প্রয়াসে বসন্ত উৎসব’। বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠানটির আয়োজক ছিল হাকিমপুর শিল্পকলা একাডেমী ও প্রেসক্লাব। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হিলি বিপ্লবী সংঘের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ভাষা ও সংস্কৃতি নামের একটি সংগঠন। অনুষ্ঠানে বাংলাদেশের হাকিমপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংগীত ও নৃত্যশিল্পীরা এবং ভারতের শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের গীতিনৃত্যম সংগঠনের শিল্পীরা ছাড়াও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার ছন্দম শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিল্পীরা অংশ নেন।অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের পক্ষে বক্তৃতা করেন হামিকপুর শিল্পকলা একাডেমীর পরিচালক মশফিকুর রহমান ও মো. জাহিদুল ইসলাম। আর ভারতের পক্ষে হিলি রমানাথ উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ সরকার এবং মেদিনীপুর ভাষা ও সংস্কৃতির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বেরা বক্তৃতা করেন।অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর জাকির হোসেন, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা এবং ভারতের ৫৭ বিএসএফের কমান্ডেন্ট রাজকুমার, হিলি থানার অধিকারী (ওসি) অমিতাভ দাস, হিলি বিপ্লবী সংঘের অমূল্য রতন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।