শূন্যরেখার রোহিঙ্গাদের জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু কোনাপাড়া সীমান্তের ওপারে শূন্যরেখার মিয়ানমার অংশে অবস্থান নেওয়া ১ হাজার ৪০০ রোহিঙ্গা পরিবারের নিবন্ধন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তাঁদের ত্রাণসহ যাবতীয় মানবিক সহযোগিতা দেওয়া হলেও শূন্যরেখায় গিয়ে তালিকা বা নিবন্ধন করা যাচ্ছে না বলে আজ রোববার প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 

অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের চিহ্নিতকরণ কমিটির জেলা সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী বলেছেন,, সীমান্তের শূন্যরেখা বলতে উভয় দেশের ভূখণ্ড থেকে ৫০০ গজ করে সংরক্ষিত রাখা ভূমি। কোনাপাড়ার ওপারের রোহিঙ্গারা মিয়ানমারের কাঁটাতারের বেষ্টনীর কাছাকাছি এবং শূন্যরেখার তাঁদের ৫০০ গজ অংশে অবস্থান করছে। এ জন্য শূন্যরেখায় গিয়ে তাঁদের এখনো তালিকা বা নিবন্ধন করা হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিষ্কার ধারণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সীমান্তের এপারে নারী-শিশুদের চিকিৎসা ও দলনেতাদের ডেকে নিয়ে এসে ত্রাণসহ যাবতীয় মানবিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
বান্দরবান জেলা প্রশাসনে রোহিঙ্গা নিবন্ধনসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মফিদুল আলম বলেন, তুমব্রু শূন্যরেখায় থাকা অন্য দেশের নাগরিককে এ দেশে ডেকে নিয়ে আসা সম্ভব নয়। তাঁরা সেখানে থাকতে চান অথবা কোথাও যাবেন—সেটি সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ জন্য তাঁদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত পাওয়া গেলে সেই অনুযায়ী কাজ করা হবে।
জেলা প্রশাসন ও মিয়ানমারের নাগরিকদের চিহ্নিতকরণ জেলা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন তুমব্রু কোনাপাড়ার ওপারে শূন্যরেখায় অবস্থানকারী ছাড়া অন্য সব জায়গায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকার কাজ প্রায় শেষ হয়েছে। এতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা বড়শণখোলায় ১ হাজার ৫০০ পরিবার, সাপমারাঝিরিতে ৪০০ পরিবার, ফুলতলিতে ৭৮ পরিবার, ঘুনধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল বা জলপাইতলিতে প্রায় এক হাজার পরিবার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষে ঘুনধুম ইউনিয়নে রোহিঙ্গাদের নিয়ে মাঠপর্যায়ে কাজে নিয়োজিত নির্বাহী হাকিম আজিজুর রহমান বলেছেন, পাহাড়পাড়ায় ও সড়কের ধারে বসবাসরতদের উখিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। জটিলতার কারণে শুধু কোনাপাড়ায় নিবন্ধন বাকি রয়েছে।
তবে কোনাপাড়ার ওপারের আশ্রয় নেওয়া রোহিঙ্গা নেতা (ওকুজু বা গ্রাম পরিষদের চেয়ারম্যান) আক্তার আলম প্রথম আলোকে বলেছেন, তাঁরা শূন্যরেখায় থাকতে চান না। উখিয়ায় যেখানে আশ্রয়শিবির খোলা হচ্ছে, সেখানে সবাই যেতে চান।
জেলা প্রশাসক ও অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক চিহ্নিতকরণ কমিটির জেলা আহ্বায়ক দিলীপ কুমার বণিক বলেছেন, কোনাপাড়ায় অবস্থানরত রোহিঙ্গাদের ব্যাপারে দেখা হচ্ছে। সবদিক বিবেচনা করে দু-এক দিনের মধ্যে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।