শূন্যরেখায় পড়ে আছে শহীদদের গণকবর
ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার থেকে কয়েক গজ পূর্বে একটি পুকুরপাড়ে গাছগাছালি আর লতাপাতায় ঘেরা প্রায় ৫০ শতাংশ জায়গায় একটি কবরস্থান। এলাকাটি আখাউড়ার সেনারবাদী আর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রামনগর গ্রামের মধ্যবর্তী সীমান্তের শূন্যরেখায় (সীমানা পিলার থেকে ১৫০ গজ)। এখানে প্রায় ২৫০ জন শহীদের কবর। মুক্তিযুদ্ধে শহীদদের এই কবর স্বাধীনতার ৪১ বছর পরও অযত্ন-অবহেলায় পড়ে আছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রতিবছর সীমান্তের এই এলাকার বাংলাদেশ অংশে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধে আখাউড়া, কসবা, মনতলা, কুমিল্লা, বিলোনিয়া, বাসরুমসহ ত্রিপুরা সীমান্তের অদূরে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া হয় ত্রিপুরার রাজধানী আগরতলার জিবি হাসপাতালে। যুদ্ধাহত যাঁরা সেখানে মারা গেছেন, তাঁদের গাড়িতে করে পাঠানো হতো আগরতলার রামনগর গ্রামে। আর সেখান থেকে তাঁদের মরদেহ এনে আখাউড়ার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামের কবরস্থানে সমাহিত করা হতো। সেনারবাদী গণকবরের পাশের বাড়িটি আজিজুর রহমানের। ১৯৭১ সালে তিনি ওই কবরস্থানে ৭০-৭৫ জন মুক্তিযোদ্ধার মরদেহ দাফন করেছেন। আজিজুর রহমান জানান, গাজীরবাজার, চেকপোস্ট এবং এর আশপাশের এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের মরদেহ আনা হতো। আগরতলা জিবি হাসপাতাল থেকেও পাঠানো হতো মুক্তিযোদ্ধাদের মরদেহ। জায়গার তুলনায় মরদেহ বেশি আসায় একটি কবরে পাঁচ থেকে ছয়জনকেও দাফন দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ২০২১/এস পিলার এলাকায় শূন্যরেখা থেকে প্রায় ১০ গজ ভেতরে ভারতের অংশে শহীদদের এই গণকবর। গত বছর বিশেষ অনুমতিতে এই এলাকার ২৩০৫/এস পিলার থেকে ২৪০১/এস পিলার পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের এক হাজার ৬০ মিটার দীর্ঘ বেড়া নির্মাণ করে। অধিকাংশ স্থানে পিলার থেকে ১০ গজ ভেতরে ভারতের অংশে এই বেড়া দেওয়া হলেও গণকবর এলাকায় পুকুর থাকায় সেখানে বেড়া দেওয়া হয়েছে ৫০ থেকে ৭০ গজ ভেতরে। ফলে গণকবরটি এখন বেড়ার বাইরে। আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (সাংগঠনিক) বাহার মিয়া মালদার প্রথম আলোকে বলেন, ‘চলতি বছর পররাষ্ট্রমন্ত্রী আগরতলা যাওয়ার সময় আখাউড়া স্থলবন্দরে বিষয়টি তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সীমান্তের জিরো পয়েন্টে ভারতকে স্থাপনা আর নিরাপত্তাবেষ্টনী নির্মাণের অনুমতি দেওয়া গেলে কেন শহীদদের গণকবর রক্ষা ও সংস্কার করা যাচ্ছে না?’ বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম প্রথম আলোকে বলেন, গণকবরটি শূন্যরেখায়—ভারতের অংশে এবং কাঁটাতারের বেড়ার বাইরে। শহীদদের এই কবর সংরক্ষণ ও রক্ষা করতে ব্যাটালিয়নের পক্ষে বিজিবি সদর দপ্তরকে জানানো হবে। প্রয়োজনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও কথা বলা হবে।