
ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত মঙ্গলবার থেকে অবৈধ পার্কিং, রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম নগর ট্রাফিক পুলিশ। অভিযান এড়াতে অনেক পরিবহন মালিকই গত দুদিন নগরের রাস্তায় গাড়ি নামানো বন্ধ রেখেছেন। এতে করে গণপরিবহনের সংকটে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এই সংকটের সুযোগ নিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরাও ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, আগামী শনিবার পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। নগরের বিভিন্ন মোড়ে আড়াআড়ি করে গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা করা, রাস্তায় অবৈধ পার্কিং, অন্য যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধ করাও এ অভিযানের লক্ষ্য। পুলিশের অভিযানে গত দুদিনে প্রায় ১ হাজার ৪০০ গাড়ির বিরুদ্ধে মামলা এবং আড়াই শতাধিক গাড়ি আটক করা হয়েছে। তবে গতকাল বুধবার বৃষ্টির কারণে অভিযান কিছুটা শিথিল ছিল।

গতকাল দুপুরে নগর ঘুরে দেখা গেছে, পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে নগরে গণপরিবহনের সংখ্যা কম। বাস না পেয়ে বৃষ্টির মধ্যেই জিইসি মোড়, লালখান বাজারসহ বিভিন্ন মোড়ে যাত্রীরা দাঁড়িয়ে আছে। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী ও নিম্ন আয়ের লোকজনকে এই দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে। পরিবহন সংকটকে পুঁজি করে রিকশা ও অটোরিকশাচালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।
গতকাল বেলা ১১টার দিকে নগরের কাজীর দেউড়ি মোড়ে মিনি বাসের অপেক্ষা করছিলেন মুরাদপুরের বাসিন্দা সোহরাব হোসেন। নিউমার্কেট থেকে ছেড়ে আসা সবকটি মিনি বাসে ঠ্যাসাঠেসি করে যাত্রী থাকায় তিনি কোনো বাসে উঠার সুযোগ পাচ্ছিলেন না। প্রায় ২০-২৫ মিনিট অপেক্ষা করার পর কয়েকটি রিকশার সঙ্গে দরাদরি শুরু করেন। পরে ৭০ টাকা ভাড়ায় রিকশায় চড়ে মুরাদপুরের দিকে রওনা হন। অন্য সময় এই পথে রিকশা ভাড়া সর্বোচ্চ ৫০ টাকা দিতেন বলে তিনি জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, সিএনজিচালিত অটোরিকশা মিটারে চালাতে পুলিশের অভিযানে শিথিলতা রয়েছে। এ কারণে অটোরিকশাচালকেরা ইচ্ছামতো ভাড়া হাঁকছেন।
আগ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আসিফ চৌধুরী প্রথম আলোকে জানান, কাতালগঞ্জ থেকে তাঁর অফিসে যাতায়াতে সিএনজিচালিত অটোরিকশার গড় ভাড়া ১২০ থেকে ১২৫ টাকা। মিটারে সেই ভাড়া ১০০ টাকার বেশি নয়। অথচ দুদিন ধরে তিনি ১৫০ টাকা করে ভাড়া দিয়ে যাতায়াত করছেন। গাড়ি পেতেও তাঁকে বেগ হতে হচ্ছে। নগরবাসীর স্বার্থে অভিযান হলে অতিরিক্ত গাড়ি ভাড়া নেওয়ার সময় পুলিশ নির্লিপ্ত রয়েছে কেন? এ বিষয়ে প্রশ্ন তোলেন আসিফ।
চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, পুলিশের অভিযানকে তাঁরা স্বাগত জানান। কিন্তু পার্কিং করার নির্দিষ্ট জায়গা না দিয়ে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে যে মামলা দেওয়া হচ্ছে সেটা অন্যায়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ট্রাফিক ব্যবস্থায় সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ এই অভিযান চালাচ্ছে। অভিযানে অটোরিকশাগুলোকে মিটারে চলতে বাধ্য করা হচ্ছে বলে তিনি দাবি করেন।